চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মানেই বাড়তি উত্তেজনা, কিন্তু অ্যাথলেতিকো মাদ্রিদ আর আর্সেনালের এই প্রথম লেগটা অন্য কারণে মনে থাকবে। গোল হয়েছে, কিন্তু সবই পেনাল্টি থেকে—যা এই মঞ্চে খুব একটা দেখা যায় না। শেষ পর্যন্ত ম্যাচ থেমেছে ১-১ ড্র’তেই।
তবে দলের ফলাফলের বাইরেও রাতটা আলাদা হয়ে থাকল হুলিয়ান আলভারেজের জন্য। খুব নীরবে, খুব ধারাবাহিকভাবে নিজের কাজটা করে যাচ্ছিলেন তিনি—এবার সেটার স্বীকৃতিও মিলল। মাত্র ৪১ ম্যাচে ২৫ গোল করে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম দক্ষিণ আমেরিকান হিসেবে এই মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। পেছনে ফেলে দিলেন লিওনেল মেসির মতো কিংবদন্তিকেও।
এই মৌসুমেই আলভারেজের গোলসংখ্যা দাঁড়াল ১০-এ, যা অ্যাথলেতিকোর হয়ে এক মরসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ। সংখ্যাটা শুধু রেকর্ড নয়, তার ধারাবাহিকতারও প্রমাণ।
অন্যদিকে, পেনাল্টি থেকে গোলের এই বিরল ঘটনা অনেককে মনে করিয়ে দিল ২০০১ সালের ফাইনালের কথা, যখন বায়ার্ন মিউনিখ আর ভ্যালেন্সিয়ার ম্যাচেও একইভাবে সব গোল এসেছিল স্পট কিক থেকে। এত বছর পর আবার সেই দৃশ্য।
ম্যাচের বাইরে আরও কিছু পরিসংখ্যান চোখে পড়ার মতো। ভিক্টর গাইকোরেস নিজের ক্যারিয়ারে ৪৩টি পেনাল্টির মধ্যে ৪০টিতেই সফল—এক কথায় অসাধারণ সাফল্যের হার। আর আর্সেনাল? তারা এখন টানা ১৩ ম্যাচ অপরাজিত, যা চ্যাম্পিয়নস লিগে তাদের যৌথ সেরা রেকর্ড।
ইতিহাস অবশ্য অ্যাথলেতিকোর দিকেই একটু ঝুঁকে। প্রথম লেগ ড্র হলে আগের আটবারের মধ্যে পাঁচবারই তারা শেষ পর্যন্ত নকআউট পর্ব পার করেছে। আর্সেনালের ক্ষেত্রে সেই হিসেবটা ততটা উজ্জ্বল নয়—সাতবারের মধ্যে মাত্র তিনবার এগোতে পেরেছে তারা।
সব মিলিয়ে লড়াইটা এখন খোলা। প্রথম লেগে কেউ এগিয়ে নেই, তবে গল্পটা জমে উঠেছে ভালোই। এখন চোখ দ্বিতীয় লেগে—সেখানেই ঠিক হবে কে পা রাখবে ফাইনালের মঞ্চে।

Social Plugin