বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তির দাপট দেখাল জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পেল না, বিশ্বকাপের ইতিহাসেও গড়ে ফেলল নতুন নজির। এই ম্যাচের পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়াল ২৩৯, যা ব্রাজিলের ২৩৮ গোলকে ছাপিয়ে গেল। অর্থাৎ, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দেশের তালিকায় এখন শীর্ষে জার্মানি।
মুসিয়ালা, কাই হাভার্টজ, ব্রাউনদের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অসহায় দেখিয়েছে কুরাসাওকে। বারো বছর আগে সেমিফাইনালে ব্রাজিলের জালে সাত গোল তুলে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল জার্মানি। সেই স্মৃতিই যেন আবার ফিরে এল এই ম্যাচে। প্রথম ম্যাচের এমন দাপুটে পারফরম্যান্সে জুলিয়ান নাগেলসম্যানের দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেকটাই বেড়ে গেল।
তবে বড় জয়ের আনন্দের মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েছেন জার্মান অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। জানা গিয়েছে, এই ম্যাচে তাঁর জন্য ফুলহাতা জার্সি নির্ধারিত ছিল। কিন্তু তিনি সেই জার্সির হাতা কেটে অর্ধহাতা করে মাঠে নামেন। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন এভাবে জার্সিতে পরিবর্তন আনা যায় না।
এতেই শেষ নয়। নিয়ম অনুযায়ী জার্সির ভিতরে যে অন্তর্বাস বা গেঞ্জি পরা হবে, তার রংও বাইরের জার্সির সঙ্গে মিলতে হবে। কিন্তু সবুজ গোলরক্ষকের জার্সির নিচে ন্যুয়ের সাদা গেঞ্জি পরে খেলেছেন বলে অভিযোগ উঠেছে।
সাধারণত এমন পরিস্থিতিতে রেফারি ফুটবলারকে সতর্ক করে জার্সি বা পোশাক বদলানোর নির্দেশ দেন। কিন্তু কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচে বিষয়টি রেফারির নজর এড়িয়ে যায়। ফলে কোনও বাধা ছাড়াই পুরো ম্যাচ খেলেন ন্যুয়ের। বড় জয়ের পাশাপাশি এই ঘটনাও এখন ফুটবল মহলে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

Social Plugin