ফুটপাতে হাঁটা পথচারীর মৌলিক অধিকার, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব: গুরুত্বপূর্ণ রায়ে জানাল সুপ্রিম কোর্ট

চিহ্নিত ফুটপাত দিয়ে নিরাপদে হাঁটা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সংবিধানের আলোকে এই অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি এ এস চন্দুরকরের বেঞ্চ জানায়, যে কোনও রাস্তা নির্মাণের সময় পথচারীদের জন্য নির্দিষ্ট ফুটপাত রাখা অপরিহার্য। শুধু ফুটপাত তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না, তার নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। আদালতের মতে, এটি কেবল প্রশাসনিক দায় নয়, আইনগত বাধ্যবাধকতাও। কোথাও যদি নিরাপদ ও নির্দিষ্ট ফুটপাতে চলাচলের সুযোগ না থাকে, তাহলে সংশ্লিষ্ট নাগরিক আইনের দ্বারস্থ হওয়ার অধিকার রাখেন।

মামলার সূত্রপাত একটি মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে। স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় পাঁচ বছরের এক শিশু। তদন্তে জানা যায়, দুর্ঘটনাস্থলে পথচারীদের জন্য কোনও নির্দিষ্ট ফুটপাত বা নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা ছিল না। এরপর ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন শিশুটির বাবা।

মামলার রায়ে শীর্ষ আদালত মৃত শিশুর পরিবারের জন্য ১১ লক্ষ ৪৪ হাজার ৬২৮ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী দু'মাসের মধ্যে ওই অর্থ শিশুটির বাবার হাতে তুলে দিতে হবে।

এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট শুধু ক্ষতিপূরণের নির্দেশই দেয়নি, একই সঙ্গে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সাংবিধানিক ও আইনগত দায়বদ্ধতার বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরেছে।