আগামী ১ এপ্রিল, বুধবার থেকে দেশজুড়ে চিনা সংস্থার তৈরি সিসিটিভি ক্যামেরা বিক্রিতে কড়াকড়ি আনতে চলেছে কেন্দ্র। ফলে হিকভিশন, দাহুয়া, টিপি-লিঙ্কের মতো বহুল ব্যবহৃত ব্র্যান্ডগুলো নতুন নিয়মের চাপে পড়তে পারে।
সরকারি সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, চিনা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ছিল। বিশেষ করে সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। একাধিক কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞরা এ নিয়ে সতর্ক করেছিলেন। সেই কারণেই ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়ার ভাবনা। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
এর আগে চিনা টেলিকম সংস্থার যন্ত্রাংশ ঘিরে গুপ্তচরবৃত্তি এবং তথ্য চুরির অভিযোগ উঠেছিল দেশে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও সতর্ক হচ্ছে সরকার।
সূত্রের খবর, এপ্রিল থেকেই ‘স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন’ বা এসটিকিউসি নামে নতুন একটি নিয়ম চালু হতে পারে। এতে বলা হচ্ছে, ভারতে সিসিটিভি ক্যামেরা বা যে কোনও ভিডিও নজরদারি সরঞ্জাম বিক্রি করার আগে সংশ্লিষ্ট পণ্যের জন্য সরকারি অনুমোদন নিতে হবে। এই নিয়ম কিন্তু শুধু চিনা সংস্থার জন্য নয়, দেশে কাজ করা সব ব্র্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে বাস্তবে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চিনের বড় সংস্থাগুলোর ওপরই। রিপোর্ট অনুযায়ী, হিকভিশন, দাহুয়া আর টিপি-লিঙ্কের মতো কোম্পানিগুলোকে ইন্টারনেট-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রিতে বাধার মুখে পড়তে হতে পারে।
সব মিলিয়ে, নতুন নিয়ম চালু হলে দেশের নজরদারি ব্যবস্থার বাজারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে—এ কথা বলাই যায়।

Social Plugin