এ বার বাংলাদেশে বসে আইপিএল দেখা নিয়ে বড় ধাক্কা খেলেন ক্রিকেটপ্রেমীরা। প্রধান সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টার সোজা জানিয়ে দিয়েছে, সে দেশের সঙ্গে তাদের চুক্তি আর থাকছে না। কারণ হিসেবে তারা স্পষ্টই বলেছে—টাকার হিসাব মেলেনি।
খবর অনুযায়ী, বাংলাদেশে আইপিএল দেখানোর দায়িত্ব ছিল টি স্পোর্টসের ওপর। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চুক্তিও ছিল। কিন্তু মাঝপথেই সেই চুক্তি ভেঙে দিয়েছে জিয়োস্টার। টি স্পোর্টসকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, বকেয়া পরিশোধে বারবার গড়িমসি হয়েছে, তাই আর এগোনো সম্ভব নয়। এই পরিস্থিতিতে চুক্তি বাতিল করা ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা ছিল না।
এর আগেও মহিলাদের আইপিএল নিয়ে একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই টি স্পোর্টসকে সে কথা জানানো হয়।
এর মধ্যে আবার অন্য এক প্রসঙ্গও জুড়ে গিয়েছিল। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে সাময়িকভাবে টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ রাখার কথা উঠেছিল। যদিও পরে সেই অবস্থান কিছুটা নরম হচ্ছে বলেই ইঙ্গিত মিলেছিল।
বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তখন বলেছিলেন, বিষয়টা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইদের ছুটির পর ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে তবেই ঠিক হবে কী করা হবে। তাঁর কথায়, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়, বরং ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাই লক্ষ্য।
একই সুর শোনা গিয়েছিল তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপনের গলাতেও। তিনি বলেছিলেন, এখনও কেউ আনুষ্ঠানিকভাবে সম্প্রচারের অনুমতি চায়নি। তবে কোনও আবেদন এলে তা বাণিজ্যিক দিক থেকে খতিয়ে দেখা হবে।
কিন্তু সেই সব আলোচনা এখন অর্থহীন হয়ে গেল বলেই মনে হচ্ছে। জিয়োস্টার চুক্তি বাতিল করে দেওয়ায়, অন্তত এ মরসুমে বাংলাদেশে আইপিএল দেখার আর কোনও সুযোগ থাকছে না।

Social Plugin