ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি নিয়ে পড়ার স্বপ্ন যাদের চোখে, তাদের জন্য বড় খবর! রাজ্য জয়েন্ট এন্ট্রাস বা WBJEE ২০২৬-এর ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেল। গত মঙ্গলবার, ১০ মার্চ থেকেই বোর্ডের তরফ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে যারা বি.টেক, আর্কিটেকচার বা বি.ফার্ম কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য এই পরীক্ষাটা কতটা জরুরি তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উচ্চশিক্ষার এই লড়াইয়ে নামতে হলে এখনই WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নাও আর সময়মতো আবেদনটা সেরে ফেলো।
আগের মতো এবারও হাজার হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিল। হাতে সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নাও, যাতে শেষ মুহূর্তে সার্ভারের সমস্যা বা তাড়াহুড়োয় কোনো ভুল না হয়।
আবেদনের সময়সীমা:
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ৫ এপ্রিল, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য একটি বিশেষ 'কারেকশন উইন্ডো' খোলা হবে ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৫ মে এবং প্রবেশিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ মে, ২০২৬ তারিখে।
যোগ্যতার মাপকাঠি:
আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। তবে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর ধার্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), গণিত (Mathematics) এবং রসায়ন/কম্পিউটার সায়েন্স/বায়োটেকনোলজিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর (সংরক্ষিত শ্রেণির জন্য ৪০%) নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইংরেজিতে অন্তত ৩০ শতাংশ নম্বর থাকা আবশ্যিক।
এবারের আবেদন ফি লিঙ্গ ও জাতিগত সংরক্ষণের ভিত্তিতে ভিন্ন রাখা হয়েছে:
সাধারণ পুরুষ পরীক্ষার্থী: ৫০০ টাকা।
সাধারণ মহিলা ও সংরক্ষিত পুরুষ পরীক্ষার্থী: ৪০০ টাকা।
সংরক্ষিত মহিলা ও থার্ড জেন্ডার (সাধারণ): ৩০০ টাকা।
সংরক্ষিত থার্ড জেন্ডার পরীক্ষার্থী: ২০০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের প্রথমে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নাম ও প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রাপ্ত 'অ্যাপ্লিকেশন নম্বর' দিয়ে লগ-ইন করে বিস্তারিত ফর্ম পূরণ, পরীক্ষার শহর নির্বাচন এবং ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। শেষে নেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিয়ে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে নিতে হবে।

Social Plugin