পুরনো ‘এম আধার’ অ্যাপ বন্ধের পথে, নতুন ব্যবস্থায় জোর নিরাপত্তা ও স্মার্ট পরিষেবায়

ডিজিটাল পরিচয়পত্র আধার ব্যবস্থায় বড় বদলের পথে এগোচ্ছে ভারত। পুরনো ‘এম আধার’ অ্যাপ ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। ইতিমধ্যেই ব্যবহারকারীদের নতুন আধার অ্যাপ ব্যবহার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারে সহজ করে তুলতেই এই পরিবর্তন আনা হচ্ছে। সংস্থার তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, পুরনো ‘এম আধার’ অ্যাপ খুব শীঘ্রই আর ব্যবহার করা যাবে না। তাই ব্যবহারকারীদের দ্রুত নতুন অ্যাপ ডাউনলোড করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইউআইডিএআই জানিয়েছে, নতুন অ্যাপে মিলবে দ্রুত পরিষেবা, আরও উন্নত সুবিধা এবং সহজ ব্যবহার অভিজ্ঞতা।

নতুন আধার অ্যাপকে শুধু পুরনো অ্যাপের বদলি বলা যাবে না। আধার ব্যবহারের পদ্ধতিতেই এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ আধার তথ্য দেখা যেত, সেখানে নতুন ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী সীমিত তথ্য ভাগ করে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে আনা হয়েছে কিউআর কোড নির্ভর আধার শেয়ারিং ব্যবস্থা। হোটেল, হাসপাতাল, সরকারি অফিস বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে পরিচয় যাচাইয়ের সময় এখন আর সব তথ্য দেখানোর প্রয়োজন হবে না। প্রয়োজনীয় তথ্য নির্দিষ্টভাবে ভাগ করেই পরিচয় যাচাই করা যাবে।

নিরাপত্তা ব্যবস্থাতেও এসেছে বড় পরিবর্তন। আগে আধার যাচাইয়ের ক্ষেত্রে মূলত মোবাইলে আসা এককালীন পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থার উপর নির্ভর করা হতো। নতুন অ্যাপে তার পাশাপাশি যুক্ত হচ্ছে মুখ শনাক্তকরণ প্রযুক্তি, কিউআর কোড যাচাই এবং প্রয়োজন অনুযায়ী একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা। এতে ডিজিটাল পরিচয়ের অপব্যবহার কমবে বলেই আশা করছে সংশ্লিষ্ট মহল।

এছাড়াও ব্যবহারকারীরা নতুন অ্যাপ থেকেই সরাসরি আঙুলের ছাপ, মুখ শনাক্তকরণ এবং চোখের মণি যাচাই সংক্রান্ত নিরাপত্তা সুবিধা লক বা আনলক করতে পারবেন।

নতুন আধার অ্যাপ ডাউনলোডের জন্য নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি সংগ্রহ করা যাবে।

 নুতুন আধার অ্যাপ ডাউনলোড লিংক: pehchaan.uidai.gov.in/app/download