মধ্যপ্রাচ্যের অশান্তির আঁচ এবার সরাসরি আমাদের পকেটে এসে লাগল। যারা আগামী কয়েক দিনে কোথাও ঘুরতে যাওয়ার বা কাজের প্রয়োজনে বিমানে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য খবরটা একটু মন খারাপের। এয়ার ইন্ডিয়া তাদের টিকিটের ওপর ফুয়েল সারচার্জ বা জ্বালানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সহজ কথায়, এখন থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট কাটতে গেলে আগের চেয়ে বেশি টাকা গুনতে হবে।
আসলে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির দাম আকাশছোঁয়া। একটা এয়ারলাইন্স চালানোর খরচের প্রায় ৪০ শতাংশই চলে যায় এই তেলের পেছনে। তার ওপর আমাদের দেশে তেলের ওপর চড়া ট্যাক্স তো আছেই। সব মিলিয়ে সংস্থাটি আর লোকসান সামলাতে পারছে না, তাই দায়টা এসে পড়ছে যাত্রীদের কাঁধেই।
তবে স্বস্তির কথা একটুকু যে, দামটা একবারে না বাড়িয়ে তিনটি ধাপে বাড়ানোর কথা ভাবা হয়েছে। প্রথম ধাপের বাড়তি দাম কার্যকর হচ্ছে আগামীকাল, ১২ মার্চ থেকেই। আপনি যদি দেশের ভেতরে কোথাও যান, তবে টিকিটের সঙ্গে বাড়তি ৩৯৯ টাকা সারচার্জ দিতে হবে। সার্ক দেশগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। আর যদি বিদেশে যান, যেমন দক্ষিণ-পূর্ব এশিয়া বা আফ্রিকার রুটে, সেখানে খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। এমনকি সিঙ্গাপুরের মতো রুটে যেখানে আগে আলাদা করে সারচার্জ ছিল না, সেখানেও এখন থেকে বাড়তি টাকা দিতে হবে।
তাই যারা টিকিট কাটার কথা ভাবছেন, দেরি না করে আজই সেরে ফেলা ভালো। কারণ কাল থেকেই তো দামটা বেড়ে যাচ্ছে!

Social Plugin