মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ৩ মার্চ লেবাননের ইয়োহমর শহরের ঘরবাড়ির ওপর আর্টিলারি থেকে সাদা ফসফরাসের গোলা ছোঁড়া হয়েছে। অসামরিক মানুষের নিরাপত্তায় সাদা ফসফরাসের ব্যবহার নিয়ে কঠোর সীমাবদ্ধতা রয়েছে। এর পরিণতি হতে পারে আজীবনের জন্য ভয়ংকর।
ভয়াবহতা ক্রমশ সীমা ছাড়াচ্ছে। এবার লেবাননে ভয়ংকর সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ উঠল ইসরায়েলের বিরুদ্ধে। মারাত্মক এই রাসায়নিক অস্ত্রে আজীবনের জন্য ভয়ংকর পরিণতি হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলি।
দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আসার পর আবারও বিতর্কের কেন্দ্রে এই মারাত্মক রাসায়নিক অস্ত্র। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ৩ মার্চ লেবাননের ইয়োহমর শহরের ঘরবাড়ির ওপর আর্টিলারি থেকে সাদা ফসফরাসের গোলা ছোঁড়া হয়েছে। প্রসঙ্গত, সাদা ফসফরাস বহুদিন ধরেই সামরিক অভিযানে ব্যবহার হয়ে আসছে। কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় এই মারাত্মক রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে মানবিক ও আইনি প্রশ্ন দীর্ঘদিনের।
সাদা ফসফরাস কী?
সাদা ফসফরাস একটি অত্যন্ত সক্রিয় রাসায়নিক পদার্থ। যা অক্সিজেনের সংস্পর্শে এলেই সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটি জ্বলতে শুরু করলে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। সঙ্গে ঘন সাদা ধোঁয়া তৈরি করে। এই কারণেই এটি আর্টিলারি শেল, রকেট ও বোমাসহ বিভিন্ন সামরিক গোলাবারুদে ব্যবহার করা হয়। সেনাবাহিনী সাধারণত ধোঁয়ার পর্দা তৈরি করতে এটি ব্যবহার করে থাকে। কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার এই কারণে অত্যন্ত বিপজ্জনক।
কীভাবে কাজ করে
সাদা ফসফরাস সাধারণত আর্টিলারি শেলের ভিতরে ভরা থাকে। শেলটি আকাশে বা মাটিতে ফাটলে জ্বলন্ত ফসফরাসের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। যা অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে এবং পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বা অক্সিজেন যতক্ষণ পায়, ততক্ষণ জ্বলতেই থাকে। এই জ্বলন্ত ফসফরাস থেকে ঘরবাড়ি, যানবাহন, কৃষিজমি বা গাছপালায় আগুন লেগে বড় আকারে আগুন ছড়িয়ে পড়তে পারে।
স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি
সাদা ফসফরাস মানুষের শরীরে ভয়াবহ এবং কখনও কখনও প্রাণঘাতী আঘাত আনতে পারে। এটি ত্বকে লাগলে সেই জায়গাকে তীব্রভাবে পুড়িয়ে দেয় এবং রাসায়নিকটি সরানো না পর্যন্ত বা অক্সিজেন বন্ধ না করা পর্যন্ত জ্বলতে থাকে। এই ধরনের পোড়া ক্ষত শরীরের গভীর টিস্যু পর্যন্ত পৌঁছে পেশি ও হাড়কে ক্ষতিগ্রস্ত করতে পারে। চিকিৎসকদের মতে, ফসফরাসের কণা রক্তে ঢুকে গেলে বিষক্রিয়া হয়ে বিকলাঙ্গ পর্যন্ত করে দিতে পারে মানুষকে। এর ধোঁয়া চোখ ও শ্বাসযন্ত্রে জ্বালা ধরায়। শ্বাসকষ্টের কারণ হতে পারে।
আন্তর্জাতিক আইন
এই কারণেই অসামরিক মানুষের নিরাপত্তায় সাদা ফসফরাসের ব্যবহার নিয়ে কঠোর সীমাবদ্ধতা রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্র ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

Social Plugin