রান্নার গ্যাস পাইয়ে দেওয়ার নামে সাইবার প্রতারণা

 কথায় আছে দুর্জনের ছলের অভাব হয়। এদিকে রান্নার গ্যাসের সঙ্কট অন্যদিকে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। গ্যাস বুকিংয়ের নামে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে এমনই এক প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের এক প্রৌঢ়, যিনি  হাজার কুড়ি টাকা খুইয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া ইতিমধ্যে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রান্নার গ্যাসের সরবরাহে টান পড়েনি। তবে ২৫ দিন আগে সিলিন্ডার বুক করা যাবে না জানিয়েছে তেল সংস্থাগুলি। ফলে গ্রাহকদের আতঙ্ক ছড়িয়েছে। তাকে হাতিয়ার করে গ্রাহকদের ফোনে ভুয়ো লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই বাংকের টাকা চলে যাচ্ছে প্রতারকদের হাতে। 
পুলিশের মতে, প্রতারণার কৌশল মূলত দুই ধরনের। প্রথমত, গ্রাহকদের ফোন করে বলা হচ্ছে, গ্যাস পাচ্ছেন না? আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করলেই ৪৮ ঘণ্টার মধ্যে সিলিন্ডার বাড়িতে পৌঁছে যাবে। দ্বিতীয়ত, অনেককে ভয় দেখানো হচ্ছে যে তাঁরা নির্ধারিত সময়ের আগে গ্যাস বুকিং করার চেষ্টা করে সরকারি নিয়ম ভেঙেছেন এবং তাঁদের বিরুদ্ধে কালোবাজারির মামলা হতে পারে। সেই ‘জরিমানা’ এড়াতে দ্রুত টাকা জমা দেওয়ার জন্য ভুয়ো লিঙ্ক পাঠানো হচ্ছে।