ইদের শুভেচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে চিঠি মোদীর

বাংলাদেশে এ বছর ঈদ হচ্ছে শনিবার। চাঁদ না দেখা যাওয়ায় এক দিন পিছিয়ে গেল উৎসব। এই আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু উৎসবের শুভেচ্ছাই নয়, চিঠিতে দুই দেশের সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি।

ঢাকায় ভারতের হাই কমিশন জানিয়েছে, মোদী তাঁর বার্তায় বাংলাদেশের মানুষকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। রমজান মাস জুড়ে মুসলিমদের সংযম আর সাধনার কথা তুলে ধরে তিনি লিখেছেন, এই উৎসব মানুষকে সহমর্মিতা, ভ্রাতৃত্ব আর একতার কথা নতুন করে মনে করিয়ে দেয়। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত হোক, এবং বিশ্বজুড়ে শান্তি ও সুস্থতা বজায় থাকুক।

এই চিঠির রাজনৈতিক গুরুত্বও কম নয়। কারণ, খুব বেশিদিন হয়নি বাংলাদেশে সরকার বদল হয়েছে। তারেক রহমানের দল ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তী সরকার ছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছিল, আর ঢাকা বরং ইসলামাবাদের দিকে বেশি ঝুঁকছিল।

নতুন সরকার গঠনের পর অবশ্য তারেক শুরু থেকেই দিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার বার্তাই দিয়েছেন। শেখ হাসিনা এখনও ভারতে রয়েছেন, তাঁকে ফেরত চেয়ে ঢাকা যে চিঠি পাঠিয়েছে, তার জবাব দেয়নি নয়াদিল্লি—এই বিষয়টা নিয়েও জল্পনা ছিল। অনেকেই ভেবেছিলেন, এখান থেকেই হয়তো সম্পর্কের আরও অবনতি হবে। কিন্তু আপাতত তেমন কিছু দেখা যাচ্ছে না।

উল্টে, তারেকের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছিল। আর এবার ঈদের শুভেচ্ছার এই চিঠি—সব মিলিয়ে বোঝা যাচ্ছে, দুই দেশই আপাতত সম্পর্কটা স্বাভাবিক রাখার দিকেই হাঁটছে।