ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সরাসরি সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জলপথটি স্বাভাবিকভাবে চালু না করলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে, এমনকি ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প জানান, এখন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে কোনও রকম শর্ত বা বাধা ছাড়াই হরমুজ প্রণালি খুলে দিতে হবে। তাঁর কথায়, সময়সীমা পেরিয়ে গেলে যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নেবে।
তিনি আরও লেখেন, ইরান যদি এই সময়ের মধ্যে জলপথ না খোলে, তা হলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এমনকি সবচেয়ে বড় কেন্দ্র থেকেই আঘাত শুরু করার ইঙ্গিতও দেন তিনি।
শনিবার রাতে, ২১ মার্চ, প্রায় মধ্যরাতের আগে এই বার্তাটি পোস্ট করেন ট্রাম্প। সেই হিসেবে সময় ধরলে, ইরানের হাতে সোমবার রাত পর্যন্তই সময় রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
অন্যদিকে, এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে না তেহরানও। ইরানের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত এলে তারা পাল্টা আক্রমণ চালাবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনাও সেই হামলার আওতায় আসতে পারে।
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, প্রয়োজনে পানি পরিশোধন কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকেও নিশানা করা হবে।
এরই মধ্যে ফারস নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রাক্তন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি আগে থেকেই সতর্ক করেছিলেন—দেশটির বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের হামলা হলে অল্প সময়ের মধ্যেই গোটা মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যেতে পারে।

Social Plugin