ভারত সেবাশ্রম সঙ্ঘ শেষ পর্যন্ত স্বামী জ্যোতির্ময়ানন্দ, যাঁকে অনেকে উৎপল মহারাজ নামেই চেনেন, তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানাল। কারণ, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। এই ঘোষণার পরই সঙ্ঘের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে উৎপল মহারাজের বক্তব্য আলাদা। তাঁর দাবি, বহিষ্কারের আগেই তিনি নিজে থেকে পদত্যাগ করেছিলেন। আর এই নিয়েই এখন রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া সামনে আসতে থাকে। তার মধ্যেই গত ১৯ মার্চ ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়, উৎপল মহারাজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কলকাতায় সঙ্ঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ এই সিদ্ধান্তের কথা জানান।
সঙ্ঘের লিখিত বিবৃতিতে বলা হয়, স্বামী জ্যোতির্ময়ানন্দ রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে আশ্রম ছেড়ে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। এই খবর পাওয়ার পরই তাঁকে সঙ্ঘ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত সেবাশ্রম সঙ্ঘ মূলত একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসীদের কেউই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেটাও ব্যাখ্যা করা হয়েছে বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, রাজনৈতিক দলে জড়িয়ে পড়লে একজন সন্ন্যাসীর ধর্মজীবনের মূল আদর্শ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ভবিষ্যতে যেন আর কেউ এই ধরনের প্রলোভনে পা না দেন, সেই দিকেও সঙ্ঘ বিশেষভাবে নজর রাখছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে উৎপল মহারাজ অবশ্য বলছেন, তিনি নিয়ম মেনেই রাজনীতিতে এসেছেন। তাঁর কথায়, ভারত সেবাশ্রম সঙ্ঘে থেকে সরাসরি রাজনীতি করা যায় না, এটা আগেই জানা ছিল। সেই কারণেই ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি রাজনীতিতে আসার আগে সদস্যপদ থেকে সরে দাঁড়ান। তাঁর দাবি, ১৭ তারিখে ইমেলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন এবং সেটি গ্রহণও করা হয়েছিল। তাহলে পরে বহিষ্কারের ঘোষণা কেন? এই প্রশ্নে তিনি বলেন, সেই ব্যাখ্যা সঙ্ঘের পক্ষ থেকেই দেওয়া ভাল, তিনি আর বেশি কিছু বলতে চান না।
এদিকে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে, ধর্মকে সামনে রেখে বিজেপি সেখানে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

Social Plugin