ভাঙড়ে শওকতকে ঘিরে মমতার সতর্ক বার্তা, নিরাপত্তা ইস্যুতে তীব্র আক্রমণ

ভাঙড়ের রাজনীতিতে ফের শওকত মোল্লাকে সামনে রেখেই বাজি ধরেছে তৃণমূল। আর তাঁকে ঘিরেই শনিবার একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোজেরহাটের জনসভা থেকে তিনি সরাসরি বলেন, শওকতকে খুনের চেষ্টা করা হতে পারে। যদিও কারা এর পিছনে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

তবে বক্তৃতার বড় অংশ জুড়েই ছিল বিজেপিকে নিশানা করা। মমতার অভিযোগ, শওকতের নিরাপত্তা তুলে নেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গেই তাঁর সাফ কথা, যদি সত্যিই এমন হয়, তাহলে নিজের নিরাপত্তা সরিয়ে শওকতকে দেবেন তিনি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি নেতাদের ঘোরাফেরা নিয়েও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

মাসখানেক আগের একটি ঘটনার কথাও উঠে আসে। দলীয় বৈঠক সেরে ফেরার পথে শওকতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছিল। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, সেই ঘটনার প্রেক্ষিতেই এদিনের মন্তব্য।

সভায় বারবার শওকতের পাশে থাকার বার্তা দেন মমতা। তাঁর কথায়, “আমি ডান হাত হলে শওকত বাঁ হাত।” আবেগের সুরে তিনি আরও বলেন, শওকতের কোনও ক্ষতি হলে তিনি চুপ করে থাকবেন না। ভাঙড়ের উন্নয়ন নিয়েও আশ্বাস দেন—হাসপাতাল, স্টেডিয়াম থেকে শুরু করে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসঙ্গে কর্মী-সমর্থকদের কাছে শওকত এবং ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলামকে জেতানোর আবেদন জানান।

এদিন নাম না করেই আইএসএফকেও আক্রমণ করেন মমতা। তাঁর দাবি, এলাকায় কিছু লোক আছে যারা বোমা ছুঁড়ে পরে বিজেপির সঙ্গে যোগাযোগ করে। তাঁদের তিনি ‘বিজেপির দালাল’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি কড়া হুঁশিয়ারি, বোমা বা বন্দুক দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।

একই দিনে সোনারপুর দক্ষিণেও সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে লাভলি মৈত্রকে নিয়ে চলা জল্পনার অবসান টেনে তাঁকেই সমর্থন জানান। বলেন, নতুন কেউ দায়িত্ব পেলে ভুল হতেই পারে, সেটাকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। লাভলি দলের প্রতি অনুগত বলেও উল্লেখ করেন তিনি।

সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। নাম না করেই তাঁর অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে সমালোচনা করেন। সব মিলিয়ে, এদিনের সভাগুলিতে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি নিজের প্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তাই স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।