বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা। আর সেই দল ঘোষণার সঙ্গেই আরও একবার ইতিহাসের পাতায় নাম তুললেন লিয়োনেল মেসি। টানা ছ’টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বরেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা। গত বারের বিশ্বচ্যাম্পিয়নরা এ বারও মেসির নেতৃত্বেই ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে।
কিছু দিন আগেই ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৮ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই ঘটনার পর থেকেই তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ফুটবলমহলে। তবে সমস্ত আশঙ্কা দূর করে কোচ লিয়োনেল স্কালোনি মেসিকে রেখেই দল ঘোষণা করেছেন।
আর্জেন্টিনা শিবিরের খবর, চোট গুরুতর নয়। বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মেসি। তাই দল নির্বাচন নিয়ে খুব বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি স্কালোনি। বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো প্রায় অক্ষতই রেখেছেন তিনি।
কাতার বিশ্বকাপে যে দল আর্জেন্টিনাকে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, সেই দলের বেশির ভাগ ফুটবলারই রয়েছেন এ বারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি মার্কোস আকুনার। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলেও ছন্দে ছিলেন না তিনি। রিভার প্লেটের হয়েও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না। ফলে তাঁর বাদ পড়া খুব একটা অপ্রত্যাশিত নয়।
দলের প্রতিটি বিভাগে বিকল্প রেখে স্কালোনি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ার চেষ্টা করেছেন। যাতে চোট বা কার্ড সমস্যায় পড়লেও দলকে বিপাকে না পড়তে হয়। বিশেষ নজর কেড়েছে জিয়োভানি লো সেলসোর প্রত্যাবর্তন। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এ বার তাঁকে ফের দলে পেয়ে মাঝমাঠ আরও শক্তিশালী হল আর্জেন্টিনার।
এই বিশ্বকাপই মেসির কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে টানা ছ’টি বিশ্বকাপের দলে জায়গা করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল দল ঘোষণা করার পর সেই নজির তৈরি হয়েছিল। আর্জেন্টিনার দল প্রকাশ হতেই সেই একই উচ্চতায় পৌঁছে গেলেন মেসিও। ফুটবলের দুই মহাতারকার দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বকাপের ইতিহাসেও পাশাপাশি জায়গা করে নিল।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিয়োনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিয়োভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ়।
ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ়, লিয়োনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ়, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিয়োনে, নিকোলাস পাজ়, হোসে ম্যানুয়েল লোপেজ়, লাউতারো মার্টিনেজ।

Social Plugin