রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত শুরু, প্রথম দিনেই উচ্ছ্বাস যাত্রীদের মধ্যে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, জুন মাসের প্রথম দিন থেকেই এই প্রকল্প কার্যকর করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত শুরু করেছেন মহিলা যাত্রীরা।

প্রথম দিন থেকেই এই পরিষেবা ঘিরে সাধারণ মহিলাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। বাসে উঠলেই তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘জিরো ব্যালেন্স’ টিকিট। শুধু শহর বা স্বল্প দূরত্বের রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও একই সুবিধা মিলছে।

তবে এই পরিষেবার সুবিধা নিতে হলে পরিচয় যাচাই বাধ্যতামূলক। যাত্রীদের নির্দিষ্ট কয়েকটি সরকারি নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হচ্ছে। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকায় রয়েছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, একশো দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন সংক্রান্ত নথি, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং সরকার স্বীকৃত অন্যান্য পরিচয়পত্র।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত পরিচয়পত্র দেখিয়েই মহিলারা এই সুবিধা পাবেন। তবে ভবিষ্যতে যাতে কোনও ধরনের অপব্যবহারের সুযোগ না থাকে, তার জন্য বিশেষ পরিচয়ভিত্তিক কার্ড চালুর পরিকল্পনা করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক স্মার্ট কার্ড তৈরি করা হবে বলে সরকার জানিয়েছে। যদিও সেই ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত যোগ্য মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। ভবিষ্যতে প্রত্যেকের হাতে একটি ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই কার্ডে যাত্রীর নাম, ছবি এবং একটি কিউআর কোড থাকবে। স্মার্ট কার্ড পেতে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিডিও বা এসডিও দফতরে জমা দিতে হবে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।

এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, দেশের নারীশক্তির ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে পশ্চিমবঙ্গ আরও একধাপ এগোল। তাঁর দাবি, নির্বাচনের আগে দেওয়া ‘ভরসার শপথ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী আরও বলেন, পাহাড় থেকে সমতল, রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি নারী নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা এবং অধিকার সুরক্ষায় রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেছেন।