ফাইনালের দোরগোড়ায় আর্সেনাল, সামনে কড়া চ্যালেঞ্জ আতলেতিকোর

 

সোবা রিয়ালটি ট্রেনিং সেন্টারে পা রাখতেই বোঝা যাচ্ছিল, দিনটা অন্যরকম। মাঠে ঢুকেই বাঁশি হাতে সবাইকে ডাকলেন মিকেল আর্তেতা। পাঁচ মিনিটের ছোট্ট আলোচনা, কিন্তু কথাগুলো একেবারে স্পষ্ট—এই ম্যাচে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। ইউরোপ সেরা হওয়ার স্বপ্নটা এখনও বেঁচে আছে, কিন্তু সেটা ধরে রাখতে গেলে ঘরের মাঠে কোনও রাখঢাক চলবে না। কারণ প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ—যারা সুযোগ পেলেই আঘাত হানতে ওস্তাদ।

প্রথম লেগের অভিজ্ঞতা এখনও টাটকা। এগিয়ে থেকেও শেষমেশ ড্র করতে হয়েছিল আর্সেনালকে। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় লন্ডনের ক্লাবটি। ঘরের মাঠে জিতেই ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া তারা।

তবে মাঠে নামার আগে চিন্তার মেঘ ঘনিয়েছে চোট সমস্যা নিয়ে। মার্টিন ওডেগার্ড, কাই হাভার্ট, মিকেল মেরিনো, জুরিয়েন টিম্বার—অনেকেই অনুশীলনে ছিলেন না। ফলে শেষ মুহূর্তে কারা খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবুও আর্তেতা আত্মবিশ্বাসী। তাঁর বিশ্বাস, যারা নামবে তারাই দায়িত্ব কাঁধে তুলে নেবে।

অন্যদিকে দিয়েগো সিমিওনে নিজের ছকেই এগোচ্ছেন। লা লিগার সাম্প্রতিক ম্যাচে দুর্দান্ত জয়, সঙ্গে মূল কয়েকজন ফুটবলারকে বিশ্রাম—সব মিলিয়ে দলটা বেশ সতেজ। সিমিওনের দল বরাবরের মতোই কাউন্টার অ্যাটাকেই ভরসা রাখবে, আর সেই অস্ত্র দিয়েই আবারও চমক দিতে চায় তারা।

তবে চোট সমস্যা তাদের দিকেও আছে। তবুও সিমিওনের কথায় আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট—অনেক বছর ধরে যে স্বপ্নটা ধাওয়া করে চলেছেন, এবার সেটা ছোঁয়ার জন্য আর এক ধাপ এগোতে চান।

সব মিলিয়ে এমিরেটসের রাতটা যে রুদ্ধশ্বাস হতে চলেছে, তা বলাই যায়। ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।