নিউ গড়িয়া–বিমানবন্দর অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পে ফের এল গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর। চিংড়িঘাটার কাজ শেষ হওয়ার পর এবার দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধানের পথে এগোচ্ছে কর্তৃপক্ষ। বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে আটকে থাকা ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ আগামী ১ জুন সকাল থেকে শুরু হতে চলেছে। এর জেরে ৩১ মে মধ্যরাত থেকে ই এম বাইপাসের নির্দিষ্ট অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ চালু হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। প্রায় ২০ মিনিট অন্তর ট্রেন মিললেও প্রত্যাশামতো যাত্রী সংখ্যা বাড়ছে না। তার অন্যতম কারণ, বেলেঘাটা স্টেশনে নেমে যাত্রীদের যাতায়াতের অসুবিধা।
স্টেশন থেকে বেরিয়ে ই এম বাইপাস পার হওয়া এখনো সাধারণ যাত্রীদের জন্য বড় সমস্যা। ফুট ওভারব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। আবার কেউ কেউ বাধ্য হয়ে প্রায় ৮ থেকে ১০ মিনিট হেঁটে মাঠপুকুরের দিকে গিয়ে রাস্তা পার করেন। এই অসুবিধার কারণে বহু নিত্যযাত্রী বেলেঘাটা স্টেশন ব্যবহারই করতে চান না। ফলে এই অংশে মেট্রোর সম্ভাবনা থাকা সত্ত্বেও যাত্রী টানতে সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।
সূত্রের খবর, ফুট ওভারব্রিজ নির্মাণের কাজের জন্য বাইপাসের নির্দিষ্ট অংশে যান চলাচলের রুটে কিছু পরিবর্তন আনা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রুবিমুখী যানবাহনের একটি অংশ মেট্রোপলিটন এলাকার কাছে তৈরি বেইলি ব্রিজ হয়ে সার্ভিস রোড ব্যবহার করে মাঠপুকুর হয়ে আবার বাইপাসে উঠবে। তবে উল্টোডাঙামুখী যানবাহন আগের মতোই বাইপাস ধরে চলবে।
যেখানে নতুন পিলার তৈরির কাজ হবে, সেখানে যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত সাইনবোর্ড, নির্দেশক আলো এবং নিরাপত্তা ব্যবস্থা তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বেলেঘাটা মেট্রো স্টেশনের এই সমস্যার সমাধান হলে অরেঞ্জ লাইনে যাত্রী সংখ্যা বাড়বে বলেই মনে করছে পরিবহণ মহল।

Social Plugin