ভারতে কি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? সম্প্রচার জট কাটার ইঙ্গিত, আশার আলো ফুটবলপ্রেমীদের জন্য

ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘ দিনের অনিশ্চয়তা হয়তো শেষ হতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁর দাবি, ফিফার সঙ্গে সম্প্রচার সংক্রান্ত আলোচনা অনেকটাই এগিয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যেতে পারে।

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে সাজি জানান, ফিফার প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে। তাঁর কথায়, ভারতের ফুটবলপ্রেমীদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই সরকারি ভাবে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ঘোষণা হতে পারে।

নিজের বার্তায় তিনি লিখেছেন, ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য বড় খবর অপেক্ষা করছে। কয়েক মাসের অনিশ্চয়তার পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। তাঁর দাবি, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ভারতের দর্শকরা সম্পূর্ণ ভাবে উপভোগ করতে পারবেন।

গত কয়েক মাস ধরে বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জানা গিয়েছিল, ভারতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য প্রায় ১০০ কোটি টাকা দাবি করেছিল ফিফা। সেই অঙ্কে সম্প্রচারস্বত্ব কিনতে রাজি হয়নি সোনি এবং জিয়োস্টার। দুই সংস্থাই শেষ পর্যন্ত দরাদরির টেবিল থেকে সরে যায়।

শুধু ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্যও বড় অঙ্কের অর্থ চেয়েছিল ফিফা। জিয়োস্টার তুলনামূলক কম টাকার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। অন্য দিকে, দূরদর্শন নকআউট পর্বের ম্যাচ সম্প্রচারের জন্য সীমিত প্রস্তাব দিয়েছিল বলে খবর। কিন্তু পরবর্তী সময়ে তারাও আর আলোচনায় থাকেনি।

এরই মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে জ়ি গোষ্ঠীকে ঘিরে। শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে সম্প্রচার দৌড়ে তারাই এগিয়ে রয়েছে। সংস্থাটি নতুন কয়েকটি ক্রীড়া চ্যানেল আনার পরিকল্পনা করছে বলেও খবর। অনুমান করা হচ্ছে, তার মধ্যেই কোনও একটি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ দেখানো হতে পারে।

সূত্রের খবর, ফিফার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জ়ি এবং জিয়ো গোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এখনও কিছু চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে খুব দ্রুত সরকারি ঘোষণা হতে পারে।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। এ বার প্রথম বার ৪৮টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। ফলে সম্প্রচার সংক্রান্ত অনিশ্চয়তা কাটার খবরে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।