গোয়া ম্যাচেই শীর্ষে ফেরার হাতছানি, আত্মবিশ্বাসী মোহন বাগান শিবির

আইএসএলের লিগ পর্ব এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে সমীকরণ। বেশিরভাগ দলই ইতিমধ্যে ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। এই মুহূর্তে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল। তবে মোহন বাগান এখনও খেলেছে মাত্র ৯টি ম্যাচ। আর সেই কারণেই সুযোগটা এখনও পুরোপুরি হাতছাড়া হয়নি সবুজ-মেরুনদের।

১৯ এপ্রিল শেষবার মাঠে নেমেছিল সের্গিও লোবেরার দল। সেদিন অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিল তারা। তারপর থেকেই টেবিলের অবস্থান একাধিকবার বদলেছে। পয়েন্ট নষ্ট করেছে এফসি গোয়া এবং মুম্বই সিটি। ফলে সুবিধা হয়েছে মোহন বাগানেরই।

এখন সব নজর শনিবারের ম্যাচে। গোয়াকে হারাতে পারলে ১০ ম্যাচে ২২ পয়েন্ট হয়ে যাবে জেমি ম্যাকলারেনদের। আর তাতেই ফের লিগের শীর্ষে উঠে আসবে মোহন বাগান।

গত মরশুমে এক ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড নিশ্চিত করেছিল তারা। কিন্তু এবার ছবিটা আলাদা। লিগের ফরম্যাট বদলেছে, ম্যাচ কমে হয়েছে ১৩। ফলে একটা ছোট ভুলও অনেক বড় প্রভাব ফেলতে পারে। কখনও প্রথম, কখনও তৃতীয়—টেবিলের ওঠানামার মধ্যে দিয়েই এগোতে হচ্ছে দলগুলোকে।

তবে মোহন বাগান শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই। বুধবার সাংবাদিক বৈঠকে সেই কথাই স্পষ্ট করে দিলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংস। তাঁর কথায়, ছোট লিগে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। যে কোনও দলই হঠাৎ পয়েন্ট খুইয়ে ফেলতে পারে। তাই অতীত নিয়ে ভেবে লাভ নেই। এখন সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলোকেই ফাইনাল ধরে এগোতে চাইছে দল।

কামিংস আরও বলেন, দলের ভিতরের পরিবেশটাই তাদের সবচেয়ে বড় শক্তি। গত তিন মরশুমে ধারাবাহিক সাফল্যের পিছনে ফুটবলারদের পারস্পরিক বোঝাপড়া এবং ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশ বড় ভূমিকা নিয়েছে।

এদিন অবশ্য সমর্থকদের বড় স্বস্তির খবরও দিয়েছেন কোচ সের্গিও লোবেরা। অপুইয়া এবং আলবার্তোকে নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কাটিয়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ কোচ জানিয়েছেন, দু’জনেই এখন ফিট এবং দলের সঙ্গে গোয়া যাচ্ছেন। যদিও অপুইয়া পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় আছেন কি না, সেটা ম্যাচের আগে আরও একবার খতিয়ে দেখতে চান তিনি।

বুধবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দেড় ঘণ্টা অনুশীলন করে মোহন বাগান। ফিটনেস ড্রিলের পাশাপাশি ম্যাচ পরিস্থিতি তৈরি করেও প্রস্তুতি চলে। পুরো সেশনেই অপুইয়াকে দলের সঙ্গে স্বাভাবিক ছন্দে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাঁকে নিয়ে আলাদা করে কথাও বলতে দেখা যায় লোবেরাকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ অনুশীলন সেরে দুপুরের বিমানে গোয়ার উদ্দেশে রওনা দেবেন দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসোরা। এখন লক্ষ্য একটাই—গোয়া জয় করে আবার লিগের শীর্ষে ফেরা।

 ছবি: সংগৃহীত