ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই ঝোড়ো ব্যাটিংয়ের জোরেই শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে ৩৩ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল তারা। বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কার্যত রানবন্যা বয়ে গেল।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু সেই সিদ্ধান্ত যে খুব একটা কাজে আসেনি, তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল।
হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে আগুনে মেজাজে ব্যাট করেন অভিষেক শর্মা। মাত্র ১৩ বলে ৩৫ রান করে তিনি আউট হলেও, দলকে দুরন্ত শুরুটা দিয়ে যান। অন্যদিকে ট্র্যাভিস হেডও নিজের স্বভাবসিদ্ধ ছন্দে ছিলেন। ৩৮ রান করে চাহালের বলে ইয়ানসেনের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর ম্যাচের রাশ ধরে নেন ঈশান কিষান এবং হেনরিখ ক্লাসেন। দু’জনের ব্যাটেই আসে বড় রান। ঈশান ৩২ বলে ৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আর ক্লাসেন ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ৪৩ বলে ৬৯ রান করে পাঞ্জাব বোলারদের চাপে ফেলে দেন তিনি। শেষদিকে নীতীশ রেড্ডির ১৩ বলে অপরাজিত ২৯ রান হায়দরাবাদের ইনিংসে বাড়তি গতি যোগ করে।
২০ ওভার শেষে ৪ উইকেটে ২৩৫ রান তোলে হায়দরাবাদ। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট পান অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, লকি ফার্গুসন এবং বিজয়কুমার বৈশাখ।
২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় পাঞ্জাব। প্রথম ওভারেই ১ রান করে ফেরেন প্রিয়াংশ আর্য। এরপর ৩ রান করে আউট হন প্রভসিমরন সিং। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ব্যর্থ, তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
মার্কাস স্টয়নিস কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ২৮ রান করে ফিরে যান। শিবম সিংয়ের বলে ঈশানের হাতে ক্যাচ দেন তিনি। শশাঙ্ক সিং করেন মাত্র ৪ রান, শেডগে ফেরেন ২৫ রানে। ১২.৩ ওভারে ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে তখন কার্যত ম্যাচের বাইরে চলে যায় পাঞ্জাব।
তবে একপ্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান কুপার কনোলি। দুর্দান্ত শতরান করেন তিনি। ১০৭ রানে অপরাজিত থাকেন কুপার। কিন্তু অন্য প্রান্ত থেকে সেভাবে সমর্থন না পাওয়ায় তাঁর ইনিংস শেষ পর্যন্ত শুধুই ব্যবধান কমানোর কাজ করেছে।
২০ ওভার শেষে ৭ উইকেটে ২০২ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। ফলে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
বল হাতে হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং শিবম। এছাড়া একটি করে উইকেট পান নীতীশ রেড্ডি, মালিঙ্গা ও সাকিব।
ছবি: সংগৃহীত

Social Plugin