দেশজুড়ে অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই দেশের নানা প্রান্তে অসংখ্য মানুষ সাইবার জালিয়াতদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর এক নতুন ধরনের প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) জানিয়েছে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা এখন আরও অত্যাধুনিক উপায়ে মানুষকে টার্গেট করছে। শুধু সাধারণ নাগরিক নন, ব্যাংক এবং আর্থিক প্রযুক্তি সংস্থাগুলিকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আই৪সি-র তথ্য অনুযায়ী, প্রতারকরা সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ, চাকরির পোর্টাল, ডেটিং সাইট কিংবা সরাসরি ফোনের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। বিভিন্ন অজুহাতে ভিডিও কল করে তারা ব্যবহারকারীর চোখের পলক ফেলা, কথা বলার ধরন, মাথা নাড়ানো বা স্ক্রিনের দিকে তাকানোর মতো স্বাভাবিক অঙ্গভঙ্গির ভিডিও সংগ্রহ করছে।
এরপর উন্নতমানের এআই প্রযুক্তির সাহায্যে সেই তথ্য ব্যবহার করে তৈরি করা হচ্ছে ডিপফেক ভিডিও এবং ভুয়ো ডিজিটাল পরিচয়। এসব নকল পরিচয় কাজে লাগানো হচ্ছে অনলাইন মুখ শনাক্তকরণ ব্যবস্থা, কেওয়াইসি যাচাই কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের মতো প্রক্রিয়ায়। একবার ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের নিয়ন্ত্রণ হাতে চলে এলে মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
এই নতুন ধরনের সাইবার জালিয়াতি থেকে বাঁচতে অচেনা ব্যক্তি বা সংস্থার সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পাশাপাশি অনলাইন যাচাইকরণ প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আই৪সি।

Social Plugin