বিশ্বকাপের মঞ্চে এবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর্জেন্তিনা। গতবারের চ্যাম্পিয়ন দল হিসেবে প্রত্যাশার চাপও কম নয়। সেই প্রস্তুতির অংশ হিসেবেই টেক্সাসে প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচের আগে কয়েকটি দুশ্চিন্তার খবরও এসেছে আর্জেন্টাইন শিবিরে।
চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের দুই নির্ভরযোগ্য তারকা লিওনেল মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর সঙ্গে আরও বড় ধাক্কা এসেছে রক্ষণভাগে। অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পেয়েছেন তরুণ ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, তিনি আর বিশ্বকাপে খেলতে পারবেন না। ফলে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর আগেই একজন সম্ভাবনাময় ফুটবলারকে হারাল আর্জেন্তিনা।
মেসির অনুপস্থিতি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত নয়। গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। যদিও দলের কোচ স্কালোনি জানিয়েছেন, মেসি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং ইতিমধ্যেই দলের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন শুরু করেছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, মেসির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং পরবর্তী প্রীতি ম্যাচে তাঁকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে হন্ডুরাস ম্যাচে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না দল।
মেসি না থাকায় আক্রমণভাগে লাওতারো মার্তিনেজকে ঘিরেই পরিকল্পনা সাজানো হতে পারে। তাঁর সঙ্গে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন থিয়াগো আলমাদা এবং জিওভানি সিমিওনে। পরে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী জুলিয়ান আলভারেজ, নিকো পাজ এবং নিকো গঞ্জালেসদেরও নামানো হতে পারে। সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন আলভারেজ, তাই তাঁকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফেরানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।
মাঝমাঠে বিকল্পের অভাব নেই। জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল এবং লিয়ান্দ্রো পারাদেসদের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ফুটবলাররা রয়েছেন স্কোয়াডে। তবে বিশ্বকাপের আগে সবচেয়ে বড় কাজ হবে এই তারকাবহুল মাঝমাঠের সেরা সমন্বয় খুঁজে বের করা।
বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই এখন স্কালোনির কাছে পরীক্ষা। চোট-আঘাতের সমস্যার মধ্যেও তিনি চাইবেন দলকে সেরা ছন্দে পৌঁছে দিতে। সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে হন্ডুরাসের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচ।
রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

Social Plugin