বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জয়ের ছন্দে ফিরল ইউরোপের একাধিক শক্তিশালী দল। সোমবার রাতে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ফ্রান্স। অন্যদিকে পেরুর বিরুদ্ধে একই ব্যবধানে জয় পেয়েছে স্পেন। আর শেষ মুহূর্তের নাটকীয়তায় উজবেকিস্তানকে হারিয়েছে নেদারল্যান্ডস।
নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের নায়ক মাইকেল ওলিসে। একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সম্প্রতি নিজেদের মাঠে আইভরি কোস্টের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের ধাক্কা খেয়েছিল ফ্রান্স। সেই হতাশা কাটিয়ে এই জয় নিঃসন্দেহে স্বস্তি এনে দিল কোচ দিদিয়ের দেশঁকে।
ম্যাচের শুরু থেকেই শক্তিশালী দল নামিয়েছিলেন ফরাসি কোচ। তবে বিরতির পর কিলিয়ান এমবাপে, দায়ো উপামেকানো এবং মাইক মাইগনানকে রেখে বাকি প্রায় পুরো দলই বদলে দেন তিনি। ওলিসের হ্যাটট্রিক ম্যাচের প্রধান আকর্ষণ হলেও ফ্রান্স আরও বড় ব্যবধানে জিততে পারত। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ফরাসি ফুটবলাররা।
অন্যদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি আরও সফলভাবে সেরে রাখল স্পেন। পেরুকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেজাজেই টুর্নামেন্টে নামবে লুই ডে লা ফুয়েন্তের দল। স্পেনের হয়ে গোল করেন মিকেল ওয়ারজাবাল এবং পেদ্রি। অপর গোলটি আসে পেরুর ফুটবলার পেদ্রো গালেসের আত্মঘাতী ভুল থেকে।
আগামী ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বে অভিযান শুরু করবে স্পেন। তার আগে এই জয় কোচের মুখে হাসি ফোটানোরই কথা। বিশেষ করে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনুপস্থিতিতেও আক্রমণে ধার দেখিয়েছে দল। ফেরান তোরেসদের নেতৃত্বে উইং ধরে বারবার আক্রমণ তৈরি হয়েছে। রক্ষণেও যথেষ্ট আত্মবিশ্বাস জুগিয়েছেন পাও কুবার্সি ও অ্যামেরিক লাপোর্তের জুটি।
এদিকে উজবেকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডাচদের এগিয়ে দেন কডি গাকপো। সেই ব্যবধান ধরে রেখেই এগোচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু সংযোজিত সময়ে ইগোর সেরগেভ গোল করে উজবেকিস্তানকে সমতায় ফেরান।
সেই মুহূর্তে মনে হচ্ছিল, বিশ্বকাপের আগে আবারও হোঁচট খেতে চলেছে রোনাল্ড কোম্যানের দল। তবে নাটক তখনও বাকি ছিল। সংযোজিত সময়ের অষ্টম মিনিটে আরেকটি পেনাল্টি পায় নেদারল্যান্ডস। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে গাকপোই শেষ হাসি উপহার দেন ডাচ শিবিরকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

Social Plugin