এইচ-১বি ভিসা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের বড় ধাক্কা এল আদালত থেকেই। মার্কিন সংস্থাগুলির উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত এক লক্ষ ডলারের ভিসা-ফি বেআইনি বলে রায় দিয়েছে ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালত। সোমবার মামলার শুনানিতে বিচারক ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত খারিজ করে দেন। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন ভারতীয় অভিবাসী সংগঠন।
ক্ষমতায় ফেরার আগেই ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে সামনে রেখে অভিবাসন নীতিতে কড়াকড়ির বার্তা দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর সেই অবস্থান আরও স্পষ্ট হয়। বিশেষ করে কর্মসংস্থানভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেয় তাঁর প্রশাসন। এরই অংশ হিসেবে সবচেয়ে বেশি নজরে আসে এইচ-১বি ভিসা।
এই ভিসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকায় এনে কাজ করায় বহু সংস্থা। গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে, বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন করতে গেলে সংশ্লিষ্ট সংস্থাকে অতিরিক্ত এক লক্ষ মার্কিন ডলার জমা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৫ লক্ষ টাকারও বেশি।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে বিচারক লিও সরকিন স্পষ্ট জানান, প্রেসিডেন্টের নির্দেশে আরোপ করা এই অতিরিক্ত ফি আইনি ভিত্তিহীন। তাঁর পর্যবেক্ষণ, ট্রাম্প প্রশাসন যে অঙ্কের ফি ধার্য করেছিল, তা মার্কিন কংগ্রেস নির্ধারিত ফেডারেল অভিবাসন আইনে উল্লেখিত সীমার অনেক ঊর্ধ্বে। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের এমন অতিরিক্ত কর বা মাশুল আরোপের ক্ষমতা নেই বলেও আদালত জানিয়ে দিয়েছে।
ট্রাম্প প্রশাসন বিশেষ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত কার্যকর করেছিল। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ভারত এবং চীনের উপর। কারণ, এই দুই দেশ থেকেই প্রতি বছর সবচেয়ে বেশি সংখ্যক দক্ষ কর্মী এইচ-১বি ভিসার মাধ্যমে আমেরিকায় কাজ করতে যান।
আদালতের রায়ের পর স্বস্তির সুর শোনা যাচ্ছে অভিবাসী সংগঠনগুলির মধ্যে। ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস্পোরা স্টাডিজের নীতি ও কৌশল বিভাগের প্রধান খান্দেরাও খান বলেন, ম্যাসাচুসেটস ফেডারেল আদালতের এই সিদ্ধান্ত বহু মানুষের উদ্বেগ দূর করেছে। তাঁর মতে, এই রায়ের ফলে কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও আইনি ভারসাম্য বজায় থাকবে এবং বিদেশি দক্ষ কর্মীদের জন্যও পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হবে।

Social Plugin