ভারতের বিভিন্ন শহরের মতো কলকাতাতেও ধীরে ধীরে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। প্রভাবটা খুব বড় না হলেও বাজারে তার ছাপ দেখা যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছু জিনিসের দাম বাড়ছে, আর কিছু পরিষেবার খরচও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব বিশ্বজুড়েই পড়ছে। ভারতের কয়েকটি শহরে ইতিমধ্যেই তার প্রতিফলন দেখা যাচ্ছে, আর কলকাতাও সেই তালিকা থেকে বাদ নয়। এখনই খুব বড় পরিবর্তন না হলেও, বাজারে কিছু পণ্যের দাম বাড়ার ইঙ্গিত মিলছে।
খেজুর ও ড্রাই ফ্রুটসের দাম বাড়ছে
ভারতে প্রচুর খেজুর আসে ইরান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ থেকে। বর্তমানে পরিস্থিতির কারণে সেই আমদানিতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ফলে ব্যবসায়ীদের এখন মূলত আগের স্টকের ওপরই ভরসা করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই বাজারে দামও একটু একটু করে বাড়ছে। কলকাতার ইফতার বাজারে এখন ৪০০ গ্রাম কিমিয়া খেজুরের দাম প্রায় ২০০ টাকার কাছাকাছি। আর সৌদি আরব থেকে আসা বার্নি খেজুর ৪০০–৫০০ গ্রামের প্যাকেটে ১৯০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
LPG সিলিন্ডারের দাম বেড়েছে
যুদ্ধ পরিস্থিতির প্রভাব জ্বালানির বাজারেও পড়ছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় LPG সিলিন্ডারের দাম বেড়েছে। ৭ মার্চ থেকে কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৯৩৯ টাকা।
বিরিয়ানির দাম বাড়ার আশঙ্কা
কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ কিছুটা কমে যাওয়ার কথাও বলছেন ব্যবসায়ীরা। আর্সালান, দাদা বৌদির মতো কয়েকটি জনপ্রিয় বিরিয়ানি দোকানের মালিকদের দাবি, বুধবার থেকে তাঁদের কাছে গ্যাস সিলিন্ডার আগের তুলনায় কম আসছে। যদি এই পরিস্থিতি চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে বিরিয়ানির দাম বাড়ানোর কথাও ভাবতে হতে পারে বলে তাঁদের আশঙ্কা।

Social Plugin