মোহনবাগানকে, ম্যাচ ড্র করে হতাশ লোবেরা

বেঙ্গালুরুর মাঠে কঠিন লড়াই করেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই ফিরতে হল মোহনবাগান সুপার জায়েন্টকে। ম্যাচে দলের খেলায় অনেক ইতিবাচক দিক থাকলেও, সুযোগ কাজে লাগাতে না পারায় জয়ের তিন পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশা লুকোলেন না সবুজ-মেরুন কোচ।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টই বললেন, তাঁর মনে হচ্ছে দল এক পয়েন্ট পায়নি, বরং দু’টি পয়েন্ট হারিয়েছে। তাঁর কথায়, “আমার মতে আজ আমরা এক পয়েন্ট পাইনি, দু’টি পয়েন্ট হারিয়েছি।”

ম্যাচটা সহজ ছিল না বলেই মনে করেন কোচ। তিনি বলেন, প্রতিপক্ষও যথেষ্ট শক্তিশালী ছিল এবং খেলার অনেক সময়ই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে দলকে। তবে সেই মুহূর্তগুলোতে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাই তাঁকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেছে। তাঁর মতে, দল একাধিকবার গোল করার মতো সুযোগ তৈরি করেছিল এবং ম্যাচের শেষদিকে অন্তত একটি গোল হলে তিন পয়েন্ট পাওয়াটাই স্বাভাবিক ফল হতো।

অ্যাওয়ে ম্যাচ হলেও দলের মাঝমাঠের সৃজনশীল খেলায় তিনি খুশি। পাশাপাশি নিজেরা যে ধরনের ফুটবল খেলতে চায়, সেই ধরণ থেকে সরে না যাওয়ার মানসিকতারও প্রশংসা করেন তিনি।

ম্যাচে রেফারির সিদ্ধান্ত বা হলুদ কার্ড নিয়ে প্রশ্ন উঠলেও সে প্রসঙ্গে খুব সতর্ক ছিলেন কোচ। তিনি বলেন, “রেফারিং নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। মাঠে রেফারিদের কাজটা খুব কঠিন। আমাদের যেমন উন্নতির জায়গা আছে, ওদেরও তেমন আছে। তবে আমি রেফারিদের পূর্ণ সম্মান করি।”

রক্ষণে টম অলড্রেডকে নামানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। কোচের বক্তব্য, এতে দলের আক্রমণাত্মক খেলায় কোনও প্রভাব পড়েনি। বরং দল বেশ কিছু ভালো সুযোগ তৈরি করতে পেরেছে।

দলের বেঞ্চ শক্তি নিয়েও আত্মবিশ্বাসী তিনি। তাঁর মতে, প্রথম একাদশ আর বেঞ্চে থাকা ফুটবলারদের মানের মধ্যে খুব একটা ফারাক নেই, তাই প্রয়োজনে পরিবর্তন করলেও দলের শক্তি কমে যায় না।

লিগ টেবিলে শীর্ষে থাকলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। চোট-আঘাত ফুটবলেরই অংশ বলে মনে করিয়ে দিয়ে কোচ বলেন, সামনে মুম্বই এফসির বিরুদ্ধে ম্যাচসহ প্রতিটি খেলাই কঠিন হবে।

আরেকটি বিষয় তাঁকে আলাদা করে মুগ্ধ করেছে। কলকাতার বাইরে হয়েও বেঙ্গালুরুতে প্রচুর মোহনবাগান সমর্থককে গ্যালারিতে দেখা গেছে। সেই সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে কোচ বলেন, “কলকাতার বাইরেও এত সমর্থক দেখে সত্যিই ভালো লাগে। ভারতীয় ফুটবলের আসল শক্তি এই সমর্থকরাই।”

শেষে তিনি বলেন, “আজ আমরা জয় দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি আশা করি সমর্থকেরা গর্ব নিয়েই বাড়ি ফিরবেন।”