নির্বাচনের আগে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম—দুই জায়গার থানার ওসিকেই সরানো হয়েছে। রবিবার একদিনেই রাজ্যের মোট ১৭০টি থানায় ওসি বদল হয়েছে।
এই তালিকায় শুধু কলকাতা বা পূর্ব মেদিনীপুরই নয়, কোচবিহারের শীতলকুচির মতো এলাকাও রয়েছে। একই সঙ্গে রাজ্য পুলিশের উচ্চপদস্থ ১১ জন আধিকারিককেও সরানো হয়েছে। সব মিলিয়ে একদিনে ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি—যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।
শুধু পুলিশই নয়, প্রশাসনের নিচুতলার গুরুত্বপূর্ণ পদেও হাত দিয়েছে কমিশন। নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা অনুযায়ী দেখলে, সবচেয়ে বেশি বদলি হয়েছে পূর্ব মেদিনীপুরে—এখানে ১৪ জন বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে সরানো হয়েছে। এরপর দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন। এছাড়া কোচবিহারে তিন জন, জলপাইগুড়িতে চার জন, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একজন করে, মালদহে ছ’জন এবং মুর্শিদাবাদে চার জনের বদলি হয়েছে।
কলকাতার থানাগুলিতেও একাধিক পরিবর্তন এসেছে। ভবানীপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র বসু, যিনি আগে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সে ছিলেন। আলিপুরে প্রিয়ঙ্কর চক্রবর্তী, একবালপুরে দিলীপ সরকার, হরিদেবপুরে ফয়েজ আহমেদ, পর্ণশ্রীতে প্রসেনজিৎ ধর—এভাবে একাধিক থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মানিকতলায় নিরূপম নাথকে আনা হয়েছে, নারকেলডাঙাতেও মনোজকুমার বিশ্বাস দায়িত্ব নিয়েছেন। লেক থানায় গৌরাঙ্গ হালদার, আমহার্স্ট স্ট্রিটে শুভদীপ চক্রবর্তী—তালিকাটা বেশ লম্বা।
আরজি কর-কাণ্ডের সময় টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল। তাঁকে আগে মানিকতলায় পাঠানো হলেও পরে কমিশন জানায়, সেটা অনিচ্ছাকৃতভাবে তালিকায় চলে এসেছিল। ফলে তিনি মানিকতলায় যোগ দিচ্ছেন না, আগের মতো পর্ণশ্রীতেই থাকছেন। মানিকতলার দায়িত্ব শেষ পর্যন্ত দেওয়া হয়েছে নিরূপম নাথকেই।
নন্দীগ্রাম থানার নতুন ওসি হয়েছেন শুভব্রত নাথ, যিনি আগে চন্দননগরে কর্মরত ছিলেন। পূর্ব মেদিনীপুরের আরও বেশ কিছু থানা—কাঁথি, খেজুরি, চণ্ডীপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, এগরা, পটাশপুর—এসব জায়গাতেও ওসি বদল হয়েছে।
উত্তরবঙ্গেও একই ছবি। শীতলকুচি থানার দায়িত্ব পেয়েছেন অভিষেক লামা, যিনি আগে কোতোয়ালি থানায় এসআই ছিলেন। দিনহাটা, মাথাভাঙা, গোকসাডাঙা, রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি, চোপড়া, ইসলামপুর—একাধিক থানায় নতুন ওসি বসানো হয়েছে।
এদিকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত পিন্টু মুখোপাধ্যায়কে দার্জিলিংয়ের ডিআইবি পদে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনে এই বড়সড় রদবদল যে রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে, তা বলাই বাহুল্য।

Social Plugin