এবার থেকে উইম্বলডনে নতুন নিয়ম

এ বছরের উইম্বলডন শুরু হচ্ছে আগামী ২৯ জুন থেকে, আর শুরুতেই খেলোয়াড়দের জন্য আসছে একটা নতুন সুযোগ। এবার থেকে চেয়ার আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে সেটার বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন তারা মানে, সরাসরি রিভিউ চাওয়া যাবে।

গতবার থেকেই উইম্বলডনে ইলেকট্রনিক লাইন কলিং ব্যবস্থা চালু হয়েছে। বল লাইনের ভেতরে না বাইরে পড়েছে, সেটা এখন প্রযুক্তিই বলে দেয়। সেই জায়গায় কোনো বদল নেই। তবে এবার নতুন করে যোগ হচ্ছে ভিডিও রিভিউর ব্যবস্থা, যা দিয়ে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত যাচাই করে দেখা যাবে।

শনিবার অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব জানায়, ম্যাচ চলাকালীন কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলতে পারবেন খেলোয়াড়রা। তবে লাইন কলিং প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে না—ওটা আগের মতোই চূড়ান্ত ধরা হবে।

কোন ধরনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলা যাবে? যেমন, বল মারার আগে সেটি কোর্টে দুইবার লেগেছে কি না, বা শট নেওয়ার আগে বল খেলোয়াড়ের শরীরে লেগেছে কি না—এই ধরনের বিষয়গুলো রিভিউয়ের আওতায় পড়বে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নট-আপ’, ‘ফাউল শট’ বা ‘টাচ’—এই ধরনের সিদ্ধান্ত নিয়েও রিভিউ চাওয়া যাবে। খেলোয়াড় চাইলে সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে রিভিউ নিতে পারেন, আবার পয়েন্ট শেষ হওয়ার পরও আবেদন করতে পারেন।

সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো, রিভিউয়ের সংখ্যায় কোনো সীমা রাখা হয়নি। সাধারণত টেনিসে প্রতি সেটে নির্দিষ্ট সংখ্যক চ্যালেঞ্জ থাকে, কিন্তু এখানে খেলোয়াড়রা যতবার ইচ্ছা ততবার রিভিউ চাইতে পারবেন।

তবে শুরু থেকেই সব কোর্টে এই সুবিধা মিলবে না। সেন্টার কোর্ট ও কোর্ট ওয়ানসহ মোট ছয়টি কোর্টে এই ব্যবস্থা থাকছে আপাতত। পরে ধীরে ধীরে উইম্বলডনের সব কোর্টেই এই প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।