২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, আর ফাইনাল ম্যাচটা হবে ১৯ জুলাই। এবার একটু ভিন্ন স্বাদ থাকছে, কারণ একসাথে তিনটি দেশ—মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো—মিলেই আয়োজন করছে পুরো আসরটা।
এবারের টুর্নামেন্টটা আগের চেয়ে বড়। মোট ৪৮টা দল খেলবে, আর ম্যাচ হবে ১০৪টা। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতাটাও হবে বেশ জমজমাট।
এশিয়া থেকে থাকছে ৯টি দল—অস্ট্রেলিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার আর উজবেকিস্তান।
আফ্রিকা থেকে সুযোগ পেয়েছে ১০টি দল, যার মধ্যে আছে আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগালসহ আরও কয়েকটি শক্তিশালী দল।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে খেলবে ৬টি দল—এর মধ্যে আয়োজক তিন দেশই আছে, সঙ্গে কুরাকাও, হাইতি আর পানামা।
দক্ষিণ আমেরিকা থেকেও বরাবরের মতো শক্তিশালী লাইনআপ—আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়াসহ মোট ৬টি দল।
ইউরোপ থেকে সবচেয়ে বেশি, ১৬টি দল অংশ নিচ্ছে। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন—সব বড় দলই থাকছে, সঙ্গে আরও অনেক পরিচিত নাম।
ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ড।
সব মিলিয়ে ৪৮ দলের তালিকা প্রায় চূড়ান্ত। তবে একটা জায়গায় এখনো একটু ধোঁয়াশা রয়ে গেছে—ইরানকে নিয়ে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন। একই সঙ্গে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেছেন তিনি। তাই শেষ পর্যন্ত ইরান খেলবে কি না, সেটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

Social Plugin