নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযান নিয়ে সোমবার তীব্র প্রতিক্রিয়া জানাল ইরান। তেহরানের অভিযোগ, এই উদ্ধার তৎপরতার আড়ালে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে—এমনকি তাদের পরিশুদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার চেষ্টাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে তারা।
এই প্রসঙ্গেই ফের কড়া সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুঁশিয়ারি, চাইলে এক রাতের মধ্যেই ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব, আর সেই সময় খুব দূরেও নয়।
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ওমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এমনটাই জানা গেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়, ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হয়েছে। সেখানে দুই পক্ষের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও ছিলেন। মূল আলোচনাই ছিল—কীভাবে আবার এই গুরুত্বপূর্ণ জলপথ চালু করা যায় এবং তার জন্য কী কী বিকল্প উপায় থাকতে পারে। হরমুজ প্রণালি ওমানের সীমানার খুব কাছেই। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই তেহরান এই পথ বন্ধ করে রেখেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এর প্রভাব পড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সতর্ক করে দিয়েছিলেন, সময়সীমার মধ্যে পরিস্থিতি না বদলালে ইরানের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করা হবে। কিন্তু তেহরান সেই হুমকিকে গুরুত্ব না দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবই খারিজ করে দিয়েছে।
ইরান জানিয়েছে, তারা অস্থায়ী বিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পক্ষে। শুধু নিজেদের নয়, লেবানন ও গাজাকেও এই প্রস্তাবের আওতায় এনেছে তারা। পাশাপাশি নতুন করে সংঘাত শুরু না করার নিশ্চয়তা চেয়ে ১০ দফা পাল্টা শর্তও দিয়েছে।
এই অবস্থায় ওয়াশিংটনের পক্ষ থেকে সুর আরও চড়া হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, খুব শিগগিরই বড় ধরনের পদক্ষেপ দেখা যেতে পারে।
অন্যদিকে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের মার্কিন অভিযানের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি। তার বক্তব্য, পুরো বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। এমনও হতে পারে, এটি নিছক উদ্ধার অভিযান নয়, বরং অন্য কোনো গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে।

Social Plugin