চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর উয়েফার কাছে নতুন অভিযোগ বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই আবার রেফারিং নিয়ে সরব হয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নাটকীয় লড়াই শেষে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর ক্লাবটি উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

মঙ্গলবার রাতে মাদ্রিদে ম্যাচটা জিতেছিল বার্সেলোনা, ২-১ ব্যবধানে। কিন্তু দুই লেগ মিলিয়ে তারা পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে, ফলে শেষ পর্যন্ত বিদায়ই নিতে হয়। ম্যাচের কয়েকটা মুহূর্ত নিয়ে এখনো ক্ষোভ কাটেনি তাদের। বিশেষ করে ডানি ওলমোকে বক্সের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরও পেনাল্টি না পাওয়া, আর শেষদিকে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো—এই সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছে কাতালান ক্লাবটি।

এই হতাশা থেকেই উয়েফার দরজায় কড়া নেড়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে বেশ কিছু রেফারিং সিদ্ধান্ত খেলার নিয়মের সঙ্গে ঠিক মেলেনি বলে তাদের মনে হয়েছে। তাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে নিয়মের ভুল ব্যাখ্যা হয়েছে, আবার কিছু স্পষ্ট পরিস্থিতিতে ভিডিও সহকারী রেফারি ঠিকভাবে হস্তক্ষেপ করেনি।

বার্সেলোনার মতে, এসব ভুল সিদ্ধান্ত আলাদা আলাদা ঘটনা হিসেবে না দেখে একসাথে বিচার করলে বোঝা যায়, ম্যাচের গতিপথই বদলে গেছে। আর তার প্রভাব পড়েছে পুরো টাইয়ের ফলাফলে। এতে করে তারা শুধু মাঠেই নয়, আর্থিক দিক থেকেও ক্ষতির মুখে পড়েছে বলে দাবি ক্লাবটির।

এই অভিযোগ নতুন কিছু নয় বলেও ইঙ্গিত দিয়েছে তারা। আগেও রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছিল বার্সেলোনা। এবারও একই দাবি তুলেছে—খেলার নিয়ম যেন আরও পরিষ্কারভাবে, নিরপেক্ষভাবে এবং স্বচ্ছভাবে প্রয়োগ করা হয়। সেই সঙ্গে রেফারিং ব্যবস্থার মান উন্নত করতে উয়েফার সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি।