চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের তারিখ ঘোষণা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সময়সূচি ঘোষণা করেছে। এখন চোখ সেমিফাইনালের সম্ভাব্য লড়াইগুলোর দিকে। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে হারিয়ে যদি পিএসজি শেষ চারে ওঠে, তাহলে তাদের সামনে পড়বে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের দ্বৈরথে জয়ী দল।

এই সম্ভাব্য সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৮ এপ্রিল, প্যারিসে—পার্ক দে প্রিন্সেসে। ফিরতি লেগ ৬ মে, সেটি হবে মাদ্রিদের বার্নাব্যু বা মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। দুই ম্যাচই রাত ৯টায়।

অন্যদিকে, টুর্নামেন্টের আরেক দিকেও জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ এবং স্পোর্টিং সিপি বনাম আর্সেনালের ম্যাচ দুটির বিজয়ীরা মুখোমুখি হতে পারে সেমিফাইনালে। সেই লড়াইয়ের প্রথম পর্ব ২৯ এপ্রিল, আর দ্বিতীয় লেগ ৫ মে।

এই সময়সূচি পিএসজির জন্য কিছুটা স্বস্তিরই। দুই লেগের মাঝে প্রায় আট দিনের ব্যবধান থাকছে, যা প্রস্তুতির জন্য খারাপ নয়। এর আগে ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস ‘লেন্স বনাম পিএসজি’ ম্যাচের তারিখ বদলের অনুরোধ করেছিলেন। কারণ, লিভারপুলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের মাঝখানেই মাত্র ছয় দিনের ব্যবধানে ওই ম্যাচটা পড়ে যাচ্ছিল।

তবে সেমিফাইনালের মাঝেও ব্যস্ততা কমছে না। ওই সময়েই লিগ ওয়ানের ৩২তম রাউন্ডের ম্যাচ রয়েছে, যেখানে পিএসজির ঘরের মাঠে লরিয়েন্তের মুখোমুখি হওয়ার কথা। ম্যাচের নির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা হয়নি।

সমস্যা হলো, পুরো মৌসুমের সূচি এতটাই ঠাসা যে, এই ম্যাচ সরানোর মতো ফাঁকা জায়গা খুঁজে পাওয়া কঠিন। ফলে সময়সূচি নিয়ে একটু জটিলতা থাকছেই।