বিবেচনাধীনদের হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন, ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে বড়সড় কাটাছেঁড়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছে। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা ধরে যে তালিকা প্রকাশ করেছে, তাতে এই চিত্র স্পষ্ট।

এই দফায় যাঁদের নাম খতিয়ে দেখা হচ্ছিল, সেই ‘বিবেচনাধীন’ তালিকায় ছিলেন প্রায় ৬০ লক্ষের কিছু বেশি ভোটার। তাঁদের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম শেষ পর্যন্ত বাদ গেছে। আবার প্রায় ৩২ লক্ষ ৬৮ হাজারের নাম ফের তালিকায় যুক্ত হয়েছে। এর আগে, ২৮ ফেব্রুয়ারির প্রথম চূড়ান্ত তালিকাতেই প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে বাদ পড়া নামের সংখ্যা এখন ৯০ লক্ষেরও বেশি, মোট ৯০ লক্ষ ৮৩ হাজারের কাছাকাছি।

তবে কমিশন জানাচ্ছে, পুরো প্রক্রিয়াটা এখনও পুরোপুরি শেষ হয়নি। বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৫৯ লক্ষ ৮৪ হাজারের তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি প্রায় ২২ হাজারের মতো ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এখনও ই-স্বাক্ষর হয়নি। সেই কাজ শেষ হলে বাদ পড়া ও যুক্ত হওয়াদুই তালিকাতেই কিছুটা হেরফের হতে পারে।

কমিশনের মাঝরাতে প্রকাশ করা তালিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা প্রসঙ্গে মুখ খুলে তিনি সরাসরি কমিশনকে আক্রমণ করেন। তাঁর কথায়, “গতকালের তালিকাটা দেখলাম। ৬০ লক্ষ নামের মধ্যে বেছে বেছে অনেক নাম কেটে দেওয়া হয়েছে—যেন উকুন বাছা হচ্ছে। মালদা, মুর্শিদাবাদ-সহ বেশ কিছু জেলায় ব্যাপক হারে নাম বাদ পড়েছে। তবে ৩২ লক্ষের মতো নাম আবার যোগও হয়েছে। বাকিদের নাম যাতে ফিরে আসে, তার জন্য আমরা ট্রাইব্যুনালে যাব।” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “যাঁদের নাম এখনও ওঠেনি, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা আছি, তাঁদের হয়ে ট্রাইব্যুনালে লড়ব। আগে যেমন বলেছি, এখনও বলছি—বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হতে দেব না।”

এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার ছিলেন প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় সেখান থেকেই প্রথমে বাদ পড়ে প্রায় ৫৮ লক্ষ নাম। পরে ২৮ ফেব্রুয়ারির তালিকায় আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যায়। তার পরেই আসে এই ‘বিবেচনাধীন’ পর্যায়।

জেলা ভিত্তিক হিসেব বলছে, সবচেয়ে বেশি নাম কাটা পড়েছে মুর্শিদাবাদে। সেখানে এই পর্যায়ে প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার নাম বাদ গেছে। আগের তালিকার সঙ্গে ধরলে মোট বাদ পড়া সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ৭ লক্ষ ৪৯ হাজার। উত্তর ২৪ পরগনায় এই পর্যায়ে বাদ গেছে ৩ লক্ষ ২৫ হাজারের বেশি নাম, আর সব মিলিয়ে সেই জেলায় বাদ পড়া ভোটার প্রায় ১২ লক্ষ ৬০ হাজারের মতো। মালদহেও একই ছবি—মোট বাদ পড়া নাম প্রায় ৪ লক্ষ ৫৯ হাজার।

কলকাতাতেও প্রভাব কম নয়। দক্ষিণ কলকাতায় আগেই প্রায় ২ লক্ষ ২১ হাজার নাম বাদ গিয়েছিল, তার সঙ্গে আরও প্রায় ২৮ হাজার যোগ হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার। উত্তর কলকাতায় বাদ পড়া নামের সংখ্যা প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার। পূর্ব মেদিনীপুরে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার নাম বাদ গেছে।

সব মিলিয়ে, এই সংশোধনের ফলে ভোটার তালিকায় বড় পরিবর্তন এসেছে। শেষ পর্যন্ত এই সংখ্যা আর একটু এদিক-ওদিক হতে পারে, তবে এখনকার হিসেবে ছবিটা মোটামুটি পরিষ্কার।