প্লে-অফের দৌড়ে মুল্লানপুরে চাপের ম্যাচ, মুখোমুখি দুই আগ্রাসী দল

আজকের খেলা : পাঞ্জাব : রাজস্থান (সন্ধ্যা ৭-৩০, মুল্লানপুর) সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে

আইপিএল এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটা ম্যাচের আলাদা গুরুত্ব। পয়েন্ট টেবিলে একটু এদিক-ওদিক মানেই হিসেব বদলে যাচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার মুল্লানপুরে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটা নিছক আরেকটা লিগ ম্যাচ নয়, প্লে-অফের লড়াইয়ে বড় মোড়ও হতে পারে।

এবারের আইপিএলে ধারাবাহিকতার বিচারে পাঞ্জাবকে আলাদা করেই রাখতে হচ্ছে। সাত ম্যাচে ছয় জয়, একটা বৃষ্টিতে ভেসে গেছে। ১৩ পয়েন্ট নিয়ে তারা বেশ সুবিধাজনক জায়গায়। ঘরের মাঠে রাজস্থানকে হারাতে পারলে শেষ চারের রাস্তা আরও অনেকটা মসৃণ হয়ে যাবে। সেই আত্মবিশ্বাস দলটার শরীরী ভাষাতেও স্পষ্ট।

শ্রেয়স আয়ারের দলকে আলাদা করছে তাদের ব্যাটিং গভীরতা। ওপেনার প্রিয়াংশ আর্য দুরন্ত ছন্দে। প্রভসিমরন সিং গত ম্যাচে ফের রানে ফিরেছেন। শ্রেয়স নিজেও দায়িত্ব নিচ্ছেন নিয়মিত। তার সঙ্গে কুপার কনোলি, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরার মতো ব্যাটাররা থাকায় মাঝের ওভারে চাপ কমে যাচ্ছে।

শুধু ব্যাটিং নয়, পাঞ্জাবের বোলিংও ভারসাম্যপূর্ণ। অর্শদীপ সিং নতুন বলে বিপজ্জনক, ব্রাটলেট আর জানসেন গতি আর বাউন্সে চাপ তৈরি করতে পারেন। দরকারে মার্কাস স্টয়নিসও হাতে বল তুলতে পারেন। স্পিনে যুজবেন্দ্র চাহাল অভিজ্ঞ অস্ত্র।

তবে এই আক্রমণের সামনে সহজ পরীক্ষা নেই। কারণ রাজস্থানের ওপেনিং জুটি এখন ভয় ধরানো। বিশেষ করে বৈভব সূর্যবংশীকে নিয়ে এখন আলাদা আলোচনা চলছে। গত ম্যাচের শতরান তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে যশস্বী জয়সওয়াল একবার সেট হয়ে গেলে ম্যাচ বের করে নিতে পারেন একাই।

রাজস্থানের বড় চিন্তা অবশ্য মিডল অর্ডার। ওপেনাররা তাড়াতাড়ি ফিরলে ভরসা রাখার মতো ধারাবাহিক ব্যাটিং এখনও চোখে পড়েনি। ধ্রুব জুরেল ওঠানামার মধ্যে, রিয়ান পরাগ নিজেও কাঙ্ক্ষিত ফর্মে নেই। হেটমায়ারকেও আগের মতো নির্ভরযোগ্য লাগছে না। ফলে প্রথম ধাক্কা সামলানোর দায়িত্ব অনেকটাই ওপেনারদের কাঁধে।

বোলিংয়ে অবশ্য রাজস্থানকে হালকা করে দেখার সুযোগ নেই। জোফ্রা আর্চার নতুন বলে এখনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। বার্গারের গতিও সমস্যায় ফেলতে পারে। স্পিনে রবি বিষ্ণোই নিয়ন্ত্রণ আনেন, সঙ্গে জাদেজাও কার্যকর হতে পারেন।

কাগজে-কলমে দুই দলই শক্তিশালী। তবে পার্থক্যটা আপাতত ছন্দে। পাঞ্জাব এগিয়ে ধারাবাহিকতায়, রাজস্থান এগিয়ে যেতে চাইছে বড় ম্যাচে বড় জবাব দিয়ে।

মুল্লানপুরে তাই লড়াই শুধু দুই দলের নয়, গতি বনাম প্রত্যাবর্তনেরও। এক দল প্লে-অফের দরজায় কড়া নাড়ছে, অন্য দল সেই দরজায় নিজের জায়গা পাকা করতে মরিয়া। এমন ম্যাচে সামান্য ভুলও অনেক বড় হয়ে যেতে পারে।