ভবানীপুরে আজ মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ভবানীপুর কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। বুধবার এই কেন্দ্র থেকেই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত তাঁর সঙ্গে ছিল বড় মিছিল, পুরোটা যেন একটা রাজনৈতিক শক্তি প্রদর্শনের ছবি।

সকাল প্রায় পৌনে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেন তিনি। সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ঢল। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়, দলের নেতা সন্দীপ বক্সী-সহ আরও অনেকে।

মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মমতা ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রাজ্যের সব ২৯৪টি আসনে তৃণমূলকে সমর্থন করার আহ্বানও করেন। তাঁর কথায়, সরকার গড়বে তারাই, এবং সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ভোটার তালিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন—অনেকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করেন এবং এ নিয়ে আইনি লড়াইয়ের কথাও উল্লেখ করেন।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নন। গত তিনবার এই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি, আর পরিসংখ্যান বলছে এখানে তাঁর দাপট বরাবরই স্পষ্ট। সেই জায়গা থেকেই এবারের প্রচারের স্লোগান‘উন্নয়ন আজ ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রচার সেরে এবার নিজের কেন্দ্রের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নামলেন তৃণমূল নেত্রী।

আজকের দিনটাকে ঘিরে শক্তি প্রদর্শনের প্রস্তুতিও ছিল শাসক দল। তবে তাদের বার্তা একটাই—‘ঘরের মেয়ে’ মমতা। দলের প্রায় সব হেভিওয়েট নেতা আজ উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি সম্প্রীতির বার্তাও তুলে ধরতে চাইছে তৃণমূল, তাই মনোনয়ন প্রক্রিয়াতেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যুক্ত করা হচ্ছে। কাজ সেরে মমতা আজই হুগলিতে নির্বাচনী প্রচারে চলে যাবেন বলেও খবর। ভবানীপুর কেন্দ্রের চরিত্রটাই একটু আলাদা। কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গড়া এই এলাকায় যেমন বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, তেমনই গুজরাতি, পঞ্জাবি, মারওয়ারি এবং জৈন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের বসবাস। আবার কিছু ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাও বেশ বেশি। সেই বৈচিত্র্যটাই আজকের কর্মসূচিতে তুলে ধরতে চাইছে তৃণমূল। শোনা যাচ্ছে, ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম, ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরাজ শা এবং বাবলু সিংয়ের মতো কয়েকজন প্রস্তাবক হিসেবে থাকতে পারেন।