পেশিতে চোট, ক্রিশ্চিয়ানো রোনালদোর নিশ্চিত করল সৌদি ক্লাব আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নানা গুঞ্জন চলছিলই—সৌদি আরব ছাড়ছেন কি না, নিরাপত্তা পরিস্থিতির কারণে কোথাও চলে গেছেন কি না—এর মধ্যেই আল নাসর নিশ্চিত করল, আসল সমস্যাটা অন্য জায়গায়। চোট পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকাই।

সৌদি প্রো লিগে আল-ফায়হার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে হঠাৎ করেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় রোনালদোকে। তখনই বোঝা গিয়েছিল কিছু একটা ঠিক নেই। পরে পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার ক্লাব জানায়, তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, পেশিতে আঘাতের কারণে আপাতত তাকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। কবে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরবেন, সেটা এখনই বলা যাচ্ছে না। চিকিৎসক দল নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করবে, আর শরীর কীভাবে সাড়া দেয়, তার ওপরই নির্ভর করবে মাঠে ফেরার সময়।

ম্যাচের ৮১ মিনিটে তাকে তুলে নেওয়া হয়, যখন তিনি পেশিতে টান অনুভব করছিলেন। খেলা শেষ হওয়ার পর ডান উরুতে বরফ চেপে রাখতে দেখা গেছে তাকে—যা সাধারণত এই ধরনের চোটের পরই করা হয়।

দলের কোচ জর্জ জেসুসও পরে বলেন, ঝুঁকি না বাড়াতেই তাকে আগেভাগে তুলে নেওয়া হয়েছে। এখন মূল লক্ষ্য একটাই—চোট যেন না বাড়ে, আর যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে ফেরানো যায়।