ফুটবলে সময় খুব দ্রুত বদলে দেয় সমীকরণ। কয়েক সপ্তাহেই একজন খেলোয়াড়ের অবস্থান পাল্টে যেতে পারে, আর চার বছরের ব্যবধানে বদলে যেতে পারে পুরো গল্পটাই। জুলিয়ান আলভারেজের ক্যারিয়ার সেই বদলেরই এক উজ্জ্বল উদাহরণ।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা পেলেও শুরুতে তিনি ছিলেন মূলত বিকল্প ফরোয়ার্ড। দলের প্রধান ভরসা ছিলেন লাউতারো মার্টিনেজ। ২০২১ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে লাউতারোর জায়গা তখন প্রায় অটুট। ফলে সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল আলভারেজকে।
বিশ্বকাপের শুরুটাও আর্জেন্টিনার জন্য খুব সুখকর ছিল না। সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর দল চাপে পড়ে যায়। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন আলভারেজ। এরপর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান। আর সেই সুযোগটাই বদলে দেয় তার বিশ্বকাপের গল্প।
রিভার প্লেটের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড পোল্যান্ডের বিরুদ্ধে গোল করেন। সেই ম্যাচের পর থেকে কোচ লিওনেল স্কালোনির আস্থা আরও বেশি করে অর্জন করেন তিনি। ধীরে ধীরে দলে নিজের জায়গা স্থায়ী করে ফেলেন। ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণভাগে হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ মুখ।
চার বছর পর ছবিটা এখন অনেকটাই আলাদা। ২০২৬ বিশ্বকাপের আগে আলভারেজ আর লাউতারো—দুজনেই স্কালোনির পরিকল্পনার অপরিহার্য অংশ। তবে বদল এসেছে আলভারেজের ভূমিকায়। তিনি আর শুধুই সুযোগের অপেক্ষায় থাকা ফুটবলার নন, বরং দলের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র।
ইউরোপিয়ান ফুটবলেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই ২৬ বছরের তারকা। কোপা লিবার্তাদোরেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা আমেরিকার মতো বড় মঞ্চে সাফল্য পেয়েছেন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে আর্জেন্টিনার প্রথম একাদশের নিয়মিত সদস্য করে তুলেছে।
শুধু গোল করাই নয়, আলভারেজের পাসিং, বল ছাড়া দৌড়, প্রতিপক্ষের উপর চাপ তৈরি করার ক্ষমতা এবং ফিনিশিং—সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে।
২০২২ বিশ্বকাপে চার গোল করেছিলেন তিনি। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তার জোড়া গোল এখনও ফুটবলপ্রেমীদের মনে তাজা। এবার লক্ষ্য আরও বড়। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজের সাফল্যের গল্প আরও সমৃদ্ধ করতে চান তিনি।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। নতুন মঞ্চে আবারও আলো ছড়ানোর অপেক্ষায় জুলিয়ান আলভারেজ। এবার আর তিনি বেঞ্চের ফুটবলার নন, বরং আর্জেন্টিনার বড় স্বপ্নের অন্যতম মুখ।

Social Plugin