কোটলায় উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে দিল্লির জয়, রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরল ক্যাপিটালস

রবিবার কোটলার মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনার পর অবশেষে জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। চার বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় তারা। ব্যাট হাতে লোকেশ রাহুল, অভিষেক পোড়েল এবং অধিনায়ক অক্ষর প্যাটেলের লড়াকু ইনিংসেই জয়ের রাস্তা তৈরি হয়।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপের মধ্যে ছিল দিল্লি। তবে ইনিংস গড়ার দায়িত্ব নেন লোকেশ রাহুল। ৪২ বলে ৫৬ রানের ইনিংসে দলের ভিত মজবুত করেন তিনি। অন্যদিকে, অভিষেক পোড়েলও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। মাত্র ৩১ বলে ৫১ রান করে তিনি ম্যাচকে দিল্লির নাগালে এনে দেন।

শেষদিকে অধিনায়ক অক্ষর প্যাটেল ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে তিনি নিশ্চিত করেন দলের জয়। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে দিল্লি।

এই জয়ের পরও পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থান প্রায় কাছাকাছিই রইল। ১২ ম্যাচে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে, ১৩ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও দাঁড়াল ১২।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ১৯৩ রান তোলে। দলের হয়ে বড় ইনিংস খেলেন ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ। জুরেল ৪০ বলে ৫৩ রান করেন, আর পরাগ ২৬ বলে ঝোড়ো ৫১ রান তুলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। বৈভব সূর্যবংশীও মাত্র ২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দিল্লির হয়ে বল হাতে তিনিই সবচেয়ে সফল। বিশেষ করে ইনিংসের ১৫তম ওভারে মাত্র চার বলের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে রাজস্থানের রানের গতি থামিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত চার উইকেট নিয়ে ৪০ রান খরচ করেন স্টার্ক।

এদিকে তরুণ বৈভব সূর্যবংশীর ছক্কার ঝড়ও এদিন আলোচনায় আসে। এবারের আসরে তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ৪৩, যা ইতিমধ্যেই বিরাট কোহলি এবং অভিষেক শর্মার রেকর্ড ছাপিয়ে গেছে।