মোহনবাগানের হোঁচটে স্বস্তি ইস্টবেঙ্গলে, পাঞ্জাব ম্যাচের আগে চাপ বাড়াতে চাইছেন অস্কার

অনুশীলন শেষ হতেই আর সময় নষ্ট করেননি অস্কার ব্রুজোঁ। দ্রুত মাঠ ছেড়ে হোটেলের পথে রওনা দেন ইস্টবেঙ্গল কোচ। কারণটা অবশ্য খুবই স্পষ্ট। লাল-হলুদ সমর্থকদের মতো তিনিও চোখ রেখেছিলেন মোহনবাগান বনাম গোয়া ম্যাচে। সেই ম্যাচ ড্র হওয়ায় স্বস্তির হাওয়া এখন ইস্টবেঙ্গল শিবিরে। আইএসএল খেতাবের লড়াইয়ে ব্যবধান আরও কমল, আর সেই সঙ্গে নতুন করে জেগে উঠেছে স্বপ্নও।

এখন হিসেব খুব কঠিন নয়। বাকি তিনটি ম্যাচ জিততে পারলেই লেসলি ক্লডিয়াস সরণিতে উৎসবের আগুন জ্বলে উঠতে পারে। অতীতে বহুবার ট্রফির এত কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু এবার সেই ভুল আর করতে নারাজ অস্কার ব্রুজোঁর দল। সোমবার পাঞ্জাব এফসিকে হারিয়ে মোহনবাগানের উপর আরও চাপ তৈরি করাই এখন লক্ষ্য।

তবে কাজটা মোটেও সহজ নয়। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব যথেষ্ট শক্ত প্রতিপক্ষ হিসেবেই উঠে এসেছে। যুবভারতীতে শেষ মুহূর্তে কামিংসের গোলে তাদের হারিয়েছিল মোহনবাগান। কিন্তু সেই ম্যাচও দেখিয়েছে, পাঞ্জাবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এফিয়ং আর ওসুজিদের নিয়ে সতর্ক থাকতেই হবে। চলতি প্রতিযোগিতায় পাঞ্জাব ইতিমধ্যেই ১৫ গোল করেছে, যার মধ্যে একা এফিয়ংয়েরই রয়েছে ৭টি।

এই ম্যাচে কেভিন সিবলে খেলবেন কি না, তা নিয়েও ধন্দে রয়েছেন অস্কার। আর্জেন্টাইন ডিফেন্ডারের ঝুলিতে ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড রয়েছে। আর একটি কার্ড দেখলেই ডার্বি থেকে নির্বাসিত হতে হবে তাঁকে। ফলে ঝুঁকি নেবেন, নাকি সুরক্ষিত পথে হাঁটবেন, তা নিয়েই চিন্তায় ইস্টবেঙ্গল কোচ।

তবে ফর্মেশন বদলের পথে হাঁটার সম্ভাবনা খুব কম। নিজের পছন্দের তিন ডিফেন্ডারের ছকেই আস্থা রাখছেন অস্কার। মুম্বই ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল মিগুয়েল ও ইউসেফকে। বিশেষ করে ব্রাজিলিয়ান ফুটবলার মাঠে নামার পর থেকেই আক্রমণে ছন্দ ফিরে পায় ইস্টবেঙ্গল। অনেকেরই মত, এই দু’জনকে শুরু থেকেই খেলানো উচিত। কারণ পাঞ্জাবকে যদি শুরুতেই চাপে ফেলা না যায়, তাহলে ম্যাচ কঠিন হয়ে যেতে পারে। তাই আক্রমণাত্মক প্রেসিং ফুটবলই হতে পারে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় অস্ত্র।

এদিকে অন্য ম্যাচে জামশেদপুরকে ১-০ গোলে হারিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু এফসি। ম্যাচের একমাত্র গোলটি করেন রায়ান উইলিয়ামস, ৩৮ মিনিটে। এই মরশুমে ঘরের মাঠে এটিই জামশেদপুরের প্রথম হার।

আর রবিবার কেরল ব্লাস্টার্সের মাঠে নামছে লিগের তলানিতে থাকা মহমেডান স্পোর্টিং। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে।

 ছবি: সংগৃহীত