ট্রাম্পের নতুন হুমকির পর ইরানের পাল্টা বার্তা, ‘যুদ্ধ ফিরলে অপেক্ষা করছে আরও চমক’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও সামরিক সংঘাতে জড়ানোর পথ বেছে নেয়, তাহলে তার ফল শত্রুপক্ষের জন্য আরও ভয়াবহ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, অতীতের সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। তার দাবি, ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে প্রতিপক্ষের জন্য “আরও অনেক চমক” অপেক্ষা করবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তেহরানকে শান্তি চুক্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। এর পরপরই আরাঘচির এই মন্তব্য সামনে আসে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, মার্কিন কংগ্রেসের যুদ্ধকালীন বিমান ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরানের বাহিনীই প্রথমবারের মতো একটি মার্কিন এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

এক্স-এ দেওয়া পোস্টে আরাঘচি লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই শত শত কোটি ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান ক্ষতির তথ্য সামনে এসেছে। তার ভাষ্য, ইরানের সশস্ত্র বাহিনী বহুল আলোচিত এফ–৩৫ যুদ্ধবিমান ধ্বংস করে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি সতর্ক করে বলেন, নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আগের চেয়ে আরও ভিন্ন এবং অপ্রত্যাশিত হতে পারে।

অন্যদিকে তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যদি নতুন করে হামলার পথে এগোয়, তাহলে ইরান যুদ্ধের পরিধি বাড়িয়ে নতুন নতুন রণাঙ্গন তৈরি করতে পারে।

দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে অস্থিরতার দিকে যাচ্ছে কি না, তা নিয়েও আন্তর্জাতিক মহলে বাড়ছে আলোচনা।