মহিলাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সুবিধা শুধু শহরের মহিলাদের জন্য নয়, গ্রামের মহিলারাও একইভাবে এর আওতায় থাকবেন। স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ পথ, রাজ্যের সরকারি বাস পরিষেবার সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।
এদিকে পরিবহন দপ্তর আরও জানিয়েছে, প্রকল্পের সুবিধা পেতে ভবিষ্যতে প্রত্যেক মহিলা যাত্রীর জন্য বিশেষ কিউআর কোড-সহ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। সেই কার্ডে উপভোক্তার নাম এবং ছবি থাকবে। কার্ডের জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে।
স্মার্ট কার্ড তৈরির ক্ষেত্রে একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র-সহ রাজ্য সরকারের বৈধ পরিচয়পত্র ব্যবহার করা যাবে।
তবে স্মার্ট কার্ড তৈরির পুরো প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করা হবে না। ১ জুন থেকেই প্রকল্প চালু হবে। ততদিন পর্যন্ত মহিলারা যেকোনও বৈধ ছবি-সহ পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরিচয় যাচাই করার পর বাসের কন্ডাক্টর যাত্রীদের ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন।
রাজ্য সরকারের আশা, এই উদ্যোগে মহিলাদের যাতায়াত খরচ অনেকটাই কমবে। কর্মস্থলে যাওয়া, পড়াশোনা, বাজার বা অন্যান্য প্রয়োজনের জন্য প্রতিদিন যাঁদের বাসে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য এটি বড় স্বস্তি হতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কম আয়ের পরিবারের মহিলাদের কাছে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
অর্থ দপ্তরের অনুমোদন এবং মন্ত্রিসভার সম্মতির পর সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই নতুন ব্যবস্থা।

Social Plugin