ধরমশালা, ২৬ মে: ব্যাট হাতে রজত পাতিদারের বিধ্বংসী ইনিংস, তারপর বোলারদের দুরন্ত পারফরম্যান্স—সব মিলিয়ে গুজরাত টাইটান্সকে একপ্রকার উড়িয়েই আইপিএলের ফাইনালে জায়গা নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৯২ রানের বড় জয় তুলে নিল বেঙ্গালুরু শিবির।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা স্বস্তির ছিল না আরসিবির। ১৯ রানে ফিরতে হয় ভেঙ্কটেশ আইয়ারকে। বিরাট কোহলি ৪৩ রান করে জেসন হোল্ডারের বলে বোল্ড হন। একই ওভারে ৩০ রান করে আউট হন দেবদূত পাডিক্কালও।
চাপের মুখে দলের হাল ধরেন ক্রুণাল পাণ্ডিয়া। ২৮ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। টিম ডেভিড মাত্র ৪ রান করে ফিরে গেলেও এরপর ম্যাচের রাশ পুরোপুরি নিজের হাতে তুলে নেন অধিনায়ক রজত পাতিদার। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছয় এবং ৫টি চার। শেষদিকে জিতেশ শর্মাও ১৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় আরসিবি।
গুজরাতের হয়ে কাগিসো রাবাডা এবং জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ।
২৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে গুজরাত। ওপেনার সাঁই সুদর্শন ১৯ রান করে ফেরেন। অধিনায়ক শুভমন গিল মাত্র ২ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন। জস বাটলার ১১ বলে ২৯ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তাঁকে ফিরিয়ে দেয় বেঙ্গালুরুর বোলিং আক্রমণ।
তারপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত। নিশান্ত ৫, হোল্ডার শূন্য, ওয়াশিংটন সুন্দর ৮, রশিদ খান ৮ এবং রাবাডা ৯ রান করে ফিরে যান। একমাত্র রাহুল তেওয়াটিয়া লড়াই চালিয়ে যান। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেললেও দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেননি তিনি।
১৯.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় গুজরাত। ফলে ৯২ রানের বড় জয় নিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরসিবির হয়ে ডাফি নেন ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার, রশিখ সালাম এবং ক্রুণাল পাণ্ডিয়া দুটি করে উইকেট তুলে নেন। একটি উইকেট পান জশ হ্যাজেলউড।
ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কারও ওঠে রজত পাতিদারের হাতেই।

Social Plugin