বঙ্গের মতো তামিলনাড়ুতেও এবার বদলে গেল রাজনৈতিক সমীকরণ। বহু বছর ধরে ডিএমকে ও এআইএডিএমকের দাপটে অভ্যস্ত রাজ্যের মানুষ এবার ভরসা রাখল একেবারে নতুন শক্তির উপর। সেই পরিবর্তনের আনুষ্ঠানিক সূচনা হল রবিবার, যখন টিভিকে প্রধান বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
স্বাধীনতার পর থেকে রাজ্যের ক্ষমতার কেন্দ্র মূলত ঘুরেছে কংগ্রেস, ডিএমকে এবং এআইএডিএমকের হাতেই। কিন্তু এবারের নির্বাচনে সেই দীর্ঘদিনের রাজনৈতিক ছক ভেঙে দিয়েছে টিভিকে। ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন জিতে দলটি কার্যত রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগৎ, সর্বত্রই এই পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছিল।
চেন্নাইয়ে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সমর্থকদের উচ্ছ্বাসে অনুষ্ঠান চত্বর বারবার মুখর হয়ে ওঠে। শুধু বিজয় নন, তাঁর সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও এদিন শপথ নেন। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কেএ সেনগোট্টাইয়ান, নির্মল কুমার, আধব অর্জুন, দলের সাধারণ সম্পাদক আনন্দ, রাজ মোহন, ড. টিকে প্রভু, অরুন রাজ, কীর্তনা এবং পি ভেঙ্কটারামন।
শপথের পর নিজের প্রথম ভাষণে বিজয় নিজেকে “সাধারণ মানুষ” বলেই তুলে ধরেন। তিনি বলেন, তিনি কোনও রাজনৈতিক পরিবারের উত্তরসূরি নন, আর সেই কারণেই সাধারণ মানুষ তাঁর মধ্যে নিজেদের একজনকে খুঁজে পেয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান, মানুষকে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার রাজনীতি তিনি করতে চান না। তাঁর কথায়, নতুন সরকার ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং বাস্তব উন্নয়নের পথেই এগোবে।
ছবি: সংগৃহীত

Social Plugin