নির্ধারিত সময়ের আগেই শেষ প্রথম পর্বের কাজ, ভোরেই খুলে গেল বাইপাস; এবার চিংড়িঘাটায় মেট্রোর দ্বিতীয় ধাপ শুরু ২২ মে


 চিংড়িঘাটায় মেট্রোর কাজের প্রথম পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় স্বস্তির খবর মিলল। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টায় ইএম বাইপাস খোলার কথা থাকলেও কাজ দ্রুত শেষ হওয়ায় ভোর ৫টার মধ্যেই যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়।

চিংড়িঘাটায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দরমুখী অরেঞ্জ লাইনের ৩১৭ এবং ৩১৮ নম্বর পিলারের মাঝের অংশ জোড়া লাগানোর কাজ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এই সময় জুড়ে এলাকায় বিশেষ যান নিয়ন্ত্রণ চালু ছিল। তার মধ্যেই রবিবার বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচ থাকায় আশঙ্কা ছিল যানজটের। তবে শেষ পর্যন্ত বাইপাসে যান চলাচল মোটামুটি স্বাভাবিকই ছিল বলে জানিয়েছে পুলিশ।

এবার শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ। পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝের অংশ জোড়া লাগানোর কাজ চলবে। এই পর্ব শেষ হলে চিংড়িঘাটায় প্রায় ৩৬৭ মিটার যে অংশের কাজ এতদিন আটকে ছিল, সেটিও সম্পূর্ণ হয়ে যাবে।

এর ফলে অরেঞ্জ লাইনে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্র পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে।

তবে দ্বিতীয় ধাপের কাজ চলার সময়ও চিংড়িঘাটা এলাকায় কিছুটা যান নিয়ন্ত্রণ থাকবেই। কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, আগের মতোই উল্টডাঙামুখী গাড়িগুলি ভেড়ির উপর তৈরি অস্থায়ী সার্ভিস রোড দিয়ে চলবে। আর রুবিগামী যানবাহন চিংড়িঘাটা পর্যন্ত এসে দক্ষিণ দিকে প্রায় ৩০০ মিটার ঘুরে আবার বাইপাস ধরে স্বাভাবিক পথে এগোবে।

এছাড়া এই সময় চিংড়িঘাটা উড়ালপুল সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আগের মতোই খোলা থাকবে। মেট্রোর কাজ চলাকালীন নিউটাউনমুখী যানবাহনকে ওই উড়ালপুল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের মতে, প্রথম ধাপের কাজের শুরুতে ১৫ মে বৃষ্টির কারণে বাইপাসে কিছুটা যানজট তৈরি হয়েছিল। তবে এখন চালকেরা বিকল্প পথের সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই দ্বিতীয় ধাপে বড় ধরনের সমস্যার আশঙ্কা তারা করছেন না।