টানা তিন জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে, দিল্লির বিরুদ্ধে প্লে-অফের লড়াইয়ে নামছে কেকেআর

টানা তিন ম্যাচে জয় বদলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুমের পরিবেশ। কয়েক সপ্তাহ আগেও যে দলকে নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ছিল, এখন তারাই আবার প্লে-অফের দৌড়ে নতুন করে আশা দেখছে। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে শাহরুখ খানের দল।

এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ সাত পয়েন্ট। অন্যদিকে দিল্লির ঝুলিতে ১০ ম্যাচে আট পয়েন্ট। ফলে এই ম্যাচে জিততে পারলে শুধু গুরুত্বপূর্ণ দুই পয়েন্টই নয়, লিগ তালিকাতেও অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে অজিঙ্কা রাহানেদের সামনে।

এই আইপিএলে শুরুটা একেবারেই ভালো হয়নি নাইটদের। প্রথম ছ’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় এসেছিল। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ। কিন্তু ক্রিকেটে ছন্দ বদলাতে সময় লাগে না। পরপর তিন ম্যাচ জিতে আবার লড়াইয়ে ফিরেছে কেকেআর। বিশেষ করে গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে যেভাবে হারিয়েছে, তাতে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।

ব্যাট হাতে রাহানে শুরুটা ভালো করলেও মাঝপথে কিছুটা ছন্দ হারিয়েছিলেন। সমালোচনাও কম হয়নি। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে আবার পুরনো ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ফিন অ্যালেন। তিন নম্বরে অঙ্গকৃশ রঘুবংশীর জায়গা প্রায় নিশ্চিত। ধারাবাহিকতার দিক থেকে এই মরশুমে কেকেআরের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনিই।

রিঙ্কু সিংকে একটু উপরের দিকে তুলে আনার সিদ্ধান্তও কাজে দিয়েছে। বড় শট খেলার পাশাপাশি ইনিংস গড়ার ক্ষমতাও রয়েছে তাঁর। শেষের দিকে ঝড় তোলার দায়িত্বে থাকবেন ক্যামেরন গ্রিন ও রভম্যান পাওয়েল।

বল হাতেও ধীরে ধীরে জমে উঠছে কেকেআর। বিশেষ করে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি আবার ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেছে। নিয়মিত উইকেট তো নিচ্ছেনই, পাশাপাশি রান আটকে রাখার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেস বিভাগে বৈভব অরোরা ও কার্তিক ত্যাগীর উপর ভরসা রাখছে দল। অলরাউন্ডার গ্রিন ও অনুকূলও বাড়তি বিকল্প দিচ্ছেন বোলিংয়ে।

শ্রীলঙ্কার পেসার পাথিরানা দলে যোগ দিলেও এখনও তাঁকে নামানোর সুযোগ হয়নি। দিল্লির বিরুদ্ধে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও এই ম্যাচে মরিয়া। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে ঘরের মাঠে জয় জরুরি। ব্যাটিংয়ে দলের সবচেয়ে বড় ভরসা লোকেশ রাহুল। ওপেনিংয়ে তাঁর সঙ্গে দেখা যেতে পারে পাথুম নিশাঙ্কাকে। এছাড়া নীতীশ রানা, করুণ নায়ার ও ট্রিস্টান স্টাবসদের দিকেও নজর রাখতে হবে কেকেআরের বোলারদের।

দিল্লির বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। চোট সারিয়ে ফিরেছেন মিচেল স্টার্ক ও লুঙ্গি এনগিডি। তাঁদের সঙ্গে টি নটরাজনও থাকতে পারেন পেস বিভাগে। স্পিনে অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ যাদব দিল্লির অন্যতম বড় অস্ত্র।

সব মিলিয়ে, প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছেই এই ম্যাচ কার্যত ‘করো বা মরো’।

 ছবি: সংগৃহীত