ধর্মেন্দ্র যাদবের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে সিজেপির প্রথম শক্তিপ্রদর্শন, অনুমতি ঘিরে অনিশ্চয়তা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে প্রথম বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে সবাইকে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জমায়েত হতে হবে।

সিজেপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে কোনও বিঘ্ন যাতে না ঘটে, সেই কারণেই বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে কর্মী-সমর্থকদের। অভিজিৎ দিপকে নিজেও বিমানবন্দর থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছবেন বলে জানা গিয়েছে। সেখানে গিয়েই তিনি পুলিশের কাছে মিছিলের অনুমতি চাওয়ার আবেদন করবেন।

দলের দাবি, সম্পূর্ণ আইন মেনে এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হবে। তবে দিল্লি পুলিশের বক্তব্য, এখনও পর্যন্ত সিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও সমাবেশ বা মিছিলের অনুমতি চাওয়া হয়নি।

এই প্রসঙ্গে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, অভিজিৎ দিপকে দিল্লিতে পৌঁছনোর পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করা হবে। অর্থাৎ কর্মসূচি ঘিরে এখনও কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

অন্যদিকে, যন্তরমন্তর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। তাদের আবেদনে বলা হয়েছিল, যন্তরমন্তরে প্রবেশের সমস্ত রাস্তা ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হোক এবং কড়া নজরদারির ব্যবস্থা করা হোক।

তবে সেই আবেদন গ্রহণ করতে রাজি হয়নি দিল্লি হাইকোর্ট। আদালত বিষয়টি শুনানির জন্যও তালিকাভুক্ত করেনি। ফলে নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত ব্যবস্থার দাবি আপাতত ধোপে টিকল না।

এখন নজর শনিবারের কর্মসূচির দিকে। পুলিশের অনুমতি মেলে কি না এবং সিজেপির প্রথম বড় প্রতিবাদ মিছিল কতটা জনসমর্থন পায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।