ওমান উপসাগরে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, পরপর জাহাজে আক্রমণে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে এবার প্রাণ হারালেন তিন ভারতীয় নাবিক। ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলার ঘটনায় নিখোঁজ হওয়া তিন ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার ওমান উপসাগরে ‘এম টি সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালানো হয়। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গেলেও তিনজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, ওই তিন নাবিকের দেহ শনাক্ত করা হয়েছে এবং তাঁরা আর জীবিত নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, তাদের নির্দেশ অমান্য করে ইরান থেকে তেল পরিবহণ করা হচ্ছিল বলেই নির্দিষ্টভাবে ওই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারত।

তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার খবর আসে। বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের কাছে ‘এম টি জলবীর’ নামে আর একটি ভারতীয় জাহাজ আক্রমণের মুখে পড়ে। এই হামলার দায়ও স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের বক্তব্য, ইরান থেকে তেল বহন করে আসার কারণে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

প্রাথমিকভাবে মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, রয়্যাল নেভি অব ওমানের সহায়তায় জাহাজটির নাবিকদের নিরাপদে উদ্ধার করে শিনাস বন্দরে নিয়ে যাওয়ার কাজ চলছে। পরে জানা যায়, জাহাজে থাকা ২০ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি সপ্তাহে এটি তৃতীয় এমন ঘটনা। ‘এম টি সেত্তেবেলো’ এবং ‘এম টি জলবীর’-এর আগে ‘এম টি মারিভেক্স’ নামের আরও একটি জাহাজ হামলার মুখে পড়েছিল। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রকও। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভারতের কাছে নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ওমান উপকূলে হামলার ঘটনায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি জানান, ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে।

জয়সওয়ালের মতে, ওই অঞ্চলে জাহাজ চলাচলের উপর ধারাবাহিক হামলা চলমান সংঘাতেরই সরাসরি ফল। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে এই ধরনের আক্রমণ বন্ধ হওয়া প্রয়োজন। তিনি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান, যাতে দ্রুত ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে।