ঢোলের তালে তালে নাচছেন বিরাট কোহলি। গায়ে সাধারণ টি-শার্ট, পরনে শর্টস। মুখজুড়ে চওড়া হাসি। পাশে আইপিএল ট্রফি হাতে ভাংড়ায় মেতে উঠেছেন ক্রুণাল পান্ডিয়া। গুজরাত টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুম ও হোটেলজুড়ে ছিল শুধুই উৎসবের আবহ।
চ্যাম্পিয়ন হওয়ার পর দলের উদ্যাপনের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। আরসিবি নিজেদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে ‘চ্যাম্পিয়ন্স’ লেখা বিশেষ জার্সি পরে নাচতে দেখা যাচ্ছে কোহলিকে। চারপাশে সতীর্থরা থাকলেও তিনি যেন নিজের আনন্দেই ডুবে। স্ত্রী অনুষ্কা শর্মাও সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। সাদা টপ ও নীল জিন্সে অনুষ্কার তোলা বেশ কয়েকটি ছবিও পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
নাচ-গানেই অবশ্য উৎসব সীমাবদ্ধ ছিল না। ট্রফি হাতে একের পর এক ফটোসেশন চলেছে। পরিবারের সদস্যদের নিয়ে মাঠেই উদ্যাপনে শামিল হন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়া-সহ দলের অন্য ক্রিকেটাররা। কেউ ট্রফি চুমু খাচ্ছেন, কেউ বা সেটিকে মাথার উপরে তুলে ধরছেন। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ যেন কোনওভাবেই ফুরোচ্ছিল না।
সোমবার ছিল আরসিবি অধিনায়ক রজত পাটীদার এবং দলের মেন্টর দীনেশ কার্তিকের জন্মদিনও। হোটেলে ফেরার পর কেক কেটে সেই আনন্দ আরও বাড়িয়ে তোলেন দু’জন।
এই জয়ের ফলে আইপিএলের ইতিহাসে বিরল এক কৃতিত্বের মালিক হল বেঙ্গালুরু। এর আগে টানা দু’বার আইপিএল জয়ের নজির ছিল শুধু চেন্নাই সুপার কিংসের (২০১০ ও ২০১১) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (২০১৯ ও ২০২০)। এবার সেই তালিকায় নাম লেখাল আরসিবি, যারা ২০২৫ ও ২০২৬— পরপর দুই মরশুমেই ট্রফি জিতল।
অধিনায়ক রজত পাটীদারের কৃতিত্বও আলাদা করে উল্লেখ করার মতো। নেতৃত্বের প্রথম দুই আইপিএল মরশুমেই তিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন। অন্যদিকে ফাইনালে মাত্র ২৫ বলে অর্ধশতরান করে নতুন নজির গড়েছেন বিরাট কোহলি। আইপিএলে এটিই তাঁর দ্রুততম অর্ধশতরান। পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে ২২ বার ম্যাচের সেরার পুরস্কার জিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি।
জশ হ্যাজলউডও অনন্য এক রেকর্ড গড়েছেন। বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতার ছয়টি ফাইনাল খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন দলের সদস্য থাকার কৃতিত্ব অর্জন করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। আর ক্রুণাল পান্ডিয়া নিজের পঞ্চম আইপিএল ট্রফি জিতে আবারও প্রমাণ করলেন, বড় ম্যাচে তিনি কতটা সফল।
ট্রফি নিয়ে ফটোসেশনের সময় সেই নিয়েই মজার মুহূর্ত তৈরি হয়। দলের অধিকাংশ ক্রিকেটার যখন দু’টি আঙুল তুলে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন, তখন ক্রুণাল হাসিমুখে তুলে ধরেন পাঁচটি আঙুল— তাঁর পাঁচটি আইপিএল শিরোপার স্মারক হিসেবে।
তবে এই উচ্ছ্বাসের মাঝেও সতর্ক বেঙ্গালুরু প্রশাসন। গত বছরের বিজয় মিছিল ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল। বিপুল জনসমাগমের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন সমর্থক। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার ট্রফি নিয়ে কোনও বিজয় শোভাযাত্রা করবে না আরসিবি। পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাস্তায় নেমে কোনও ধরনের উৎসবের অনুমতি দেওয়া হবে না। সমর্থকেরা নিজেদের বাড়ি বা ব্যক্তিগত পরিসরে উদ্যাপন করতে পারবেন।
আইপিএলের রঙিন অধ্যায় শেষ হতেই এবার ক্রিকেটারদের নজর আন্তর্জাতিক ক্রিকেটে। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য বুধবারের মধ্যে জাতীয় দলের শিবিরে যোগ দেবেন মিডল অর্ডার ব্যাটার দেবদত্ত পাডিক্কাল। অন্যদিকে জশ হ্যাজলউড, রোমারিও শেফার্ড-সহ বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশের দায়িত্ব পালনের জন্য দ্রুত দেশে ফিরে যাবেন।

Social Plugin